১৪ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে সাংবাদিক সমাবেশ
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকায় গোপালগঞ্জ সাংবাদিক সমিতি এই সমাবেশের আয়োজন করেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকেরাও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন।
সাংবাদিকদের বিক্ষোভ
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব শাবান মাবুদ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি নাম, একটি অভিন্ন সত্তা। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত করেছে, তারা বাংলাদেশের হৃদয়ে আঘাত করেছে, দেশের অস্তিত্বে আঘাত করেছে। তিনি আরও বলেন, এই হামলায় বাংলা মায়ের দামাল ছেলেরা বসে থাকতে পারে না। সারা দেশের সাংবাদিক সমাজ জেগে উঠেছে।
সমাবেশ থেকে বলা হয়, ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ১৪ ডিসেম্বর কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের+ সামনে সারা বাংলার সাংবাদিক সমাজের প্রতিবাদ সমাবেশ করা হবে।
শাবান মাহমুদ বলেন, যে সাংবাদিকেরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন, তাঁরা সবাই এই সমাবেশে অংশ নেবেন। সমাবেশ থেকে সেদিন জাতির পিতার ভাস্কর্যে আঘাত করার সময়োচিত জবাব দেওয়া হবে।
সমাবেশ সভাপতিত্ব করেন ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মামুন শেখ। সমাবেশে আরও বক্তব্যে দেন গণমাধ্যমকর্মী দীপ আজাদ, সাজেদুল ইসলাম ও মঞ্জুরুল আলম পান্না প্রমুখ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন
আমাদের এই প্রতিবাদ সভায় দাঁড়ানোর কথা নয়। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার কথা। আজ মুজিব বর্ষে সারা বিশ্বে যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে, বাঙালি জাতি হিসেবে জাতির পিতাকে নিয়ে গর্ব করার কথা, সেখানে একটি শক্তি আমাদের পিছিয়ে দিতে চাইছে। তাদের শক্তি বলব না, বলব অপশক্তি। শক্তিগুলোকে আমাদের এখন নির্মূল করতে হবে এবং আমাদের শিক্ষায়, চেতনায় ও আমাদের সামগ্রিক অস্তিত্বে বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল এক মানববন্ধন করে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসব কথা বলেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি জাকারিয়া মিয়ার সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।