রাজধানী ঢাকায় আবার ছিনতাই বেড়েছে। ৫ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ দিনে রাজধানীতে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন তিনজন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী, ১৪ দিনে নগরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শতাধিক। অথচ এ সময়ে থানাগুলোতে মামলা হয়েছে সাতটি।ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নগরে এলাকাভিত্তিক কড়া নিরাপত্তাব্যবস্থার সময়ে এসব ছিনতাই হচ্ছে। তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বলেছে, কিছু ছিনতাই হলেও পরিস্থিতি উদ্বেগজনক নয়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১৩ ফেব্রুয়ারি মধ্য বাড্ডায় ছিনতাইকারীদের গুলিতে নিহত হন উত্তর বাড্ডার মেসার্স সাতারকুল রাইস এজেন্সির ব্যবস্থাপক শামসুল ইসলাম। ওই ঘটনায় ছিনতাই হয় সাড়ে ১২ লাখ টাকা। একই দিন গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডে সিটি মিলের পেছনে ছিনতাইকারীরা পরিবহন ব্যবসায়ী আবদুল হককে গুলি করে তাঁর ভাগনে রুমির কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। ১৬ ফেব্রুয়ারি গেন্ডারিয়ার এস কে দাস রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন কাঁচামাল ব্যবসায়ী চুন্নু মিয়া। একই দিন ভোরে সায়েদাবাদ ব্রিজের কাছে রি-রোলিং কারখানার শ্রমিক মধু মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে একটি মুঠোফোন সেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।ধানমন্ডির ৩ নম্বর রোডে নিজ প্রতিষ্ঠানের নিচে সানওয়ে ওভারসিজ অ্যাডমিশন কনসালট্যান্টের মালিক আসাদুজ্জামানের কাছ থেকে মঙ্গলবার ছয় লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ব্যাপারে তিনি ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে প্রাইভেট কারে আসা তিন ছিনতাইকারী গুলিস্তানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শবনম আক্তারকে মারধর করে ছয় হাজার টাকা ও মুঠোফোন সেটসহ ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।মঙ্গলবার ভোরে ফার্মগেটসংলগ্ন খামারবাড়ি এলাকায় ব্যবসায়ী আবুল কাদেরকে (৩২) কুপিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তিনি জানান, আহত থাকায় তিনি বিষয়টি থানার পুলিশকে জানাতে পারেননি।১০ ফেব্রুয়ারি বুয়েটের কাছে ব্যবসায়ী মোহাম্মদ জসিমকে গুলি করে তাঁর মোটরসাইকেল এবং ১২ ফেব্রুয়ারি বঙ্গবাজারসংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতালের সামনে কাপড় ব্যবসায়ী আরমান রশীদকে গুলি করে তাঁর মোটরসাইকেল ছিনতাই হয়। এ দুটি ঘটনায়ও থানায় মামলা হয়নি।ছিনতাইয়ের ৪৪৪টি স্থান চিহ্নিত: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ছিনতাইয়ের ৪৪৪টি স্থান চিহ্নিত করে ‘ছিনতাই প্রতিরোধ নির্দেশিকা’ প্রকাশ করেছে। পুলিশ জানায়, বিভিন্ন থানার ওপেন হাউস ডের আলোচনা-পর্যালোচনায় দেখা যায়, প্রায় আড়াই শ স্থানে নিয়মিত ছিনতাই হয়। তবে চিহ্নিত স্থানে সার্বক্ষণিক পুলিশ দেওয়া সম্ভব হয় না। পুলিশের পালাবদলের সময়কে ছিনতাইকারীরা সুযোগ হিসেবে কাজে লাগায়।গ্রেপ্তারও আছে: শুক্রবার মধ্যরাতে সবুজবাগের মাণ্ডার মলয় গলি থেকে ছিনতাইকারী চক্রের সিদ্দিক, সুমন, রুবেল ও জামালকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র ও একটি রিভলবার উদ্ধার করা হয়।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ আহমেদ জানান, ওই চার যুবক থানার তালিকাভুক্ত ছিনতাইকারী। গত মাসে রাসেল নামের এক যুবককে ছুরি মেরে টাকা নিয়ে যায় এরা।ছিনতাই বৃদ্ধির বিষয়ে কথা বলার জন্য শনিবার যোগাযোগ করে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদকে পাওয়া যায়নি। তাঁর মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এলাকাকেন্দ্রিক নজরদারি বেশি থাকার সুযোগে অন্য এলাকায় কিছু ছোটখাটো ছিনতাই হচ্ছে। ছিনতাইকারীরা ছিনতাইয়ের স্থান হিসেবে নির্জন সড়ক ও অলিগলি বেছে নিয়েছে। তবে বিশ্বকাপ ক্রিকেটের নিরাপত্তার বাইরে ছিনতাই প্রতিরোধে পুলিশ তৎপর আছে।র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, কিছু ছিনতাই হলেও তা বিপজ্জনক কিংবা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেনি। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মিরপুর স্টেডিয়ামসহ নগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।