১৪ দিনের মধ্যে দুই নদীর সীমানা ও খুঁটি নির্মাণ শুরুর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু এই চার নদ-নদীর মধ্যে তুরাগ ও বালু নদের সীমানা চিহ্নিত করা ও খুঁটি নির্মাণের কার্যক্রম ১৪ দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ১৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ভরা মৌসুমে (বর্ষাকাল) ১৪ দিনের মধ্যে নদ-নদীগুলোর সীমানা চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৪ দিনের মধ্যে সীমানা খুঁটি নির্মাণকার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

খুঁটি স্থাপনের কার্যক্রম শুরুর নির্দেশনা চেয়ে গত ১৭ জুলাই হাইকোর্টে আবেদন দাখিল করা হয়। আবেদনে সাত দিনের মধ্যে নদ দুটির প্রকৃত সীমানায় খুঁটি স্থাপনের কার্যক্রম আবার শুরুর আরজি জানানো হয়।

এই চার নদ-নদী রক্ষায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্ট এই চার নদ-নদীর সীমানা নির্ধারণসহ সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ে ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে সিএস রেকর্ড অনুযায়ী চার নদ-নদীর সীমানা নির্ধারণ, নদীর সীমানা নির্ধারণী পাকা খুঁটি (পিলার) স্থাপন, নদীর তীরে হাঁটার পথ নির্মাণ এবং বনায়ন করতে বলা হয়।