১৪ প্রতিষ্ঠানকে তিন লাখ ১৮ হাজার টাকা জরিমানা
বিধি লঙ্ঘন করে পণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে পৃথক তিনটি অভিযানে ১৪টি প্রতিষ্ঠানকে তিন লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিদর্শন দল গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে এসব অভিযান চালায়।বিএসটিআই সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর কদমতলী এলাকার আইলবহরে বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানির কারখানায় অভিযান চালান। এখানে বিএসটিআইয়ের আওতামুক্ত পণ্য হওয়া সত্ত্বেও মুগ ডালে মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। ওই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকেরা লাচ্ছা সেমাই তৈরি করছিলেন। প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক মো. জাহিদ হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে র্যাব-১০-এর সদস্যরা সহযোগিতা করেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি পরিদর্শন দল গতকাল রাজধানীর নিমতলী ও পলাশী এবং মিরপুরের শাহ আলী বাজার এলাকার ১৩টি দোকান ও খাবার হোটেলে আলাদাভাবে অভিযান চালায়। দোকান ও হোটেলগুলো হলো ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোর, স্বর্ণা জেনারেল স্টোর, শাহেনূর স্টোর, কবির স্টোর, বিসমিল্লাহ স্টোর, হাসেম স্টোর, ফারজানা ভ্যারাইটি স্টোর, ঢাকা ভ্যারাইটি স্টোর, রুপালী ট্রেডার্স, যমুনা হোটেল, ভোজন বিলাস রেস্টুরেন্ট, আইয়ুব বেকারি ও ইয়ামি-ইয়ামি ফাস্ট ফুড।অধিদপ্তর সূত্র জানায়, দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেল ও প্যাকেটজাত চিনি বেশি দামে বিক্রি করা হচ্ছিল। হোটেলগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন করা হচ্ছিল। পরিদর্শন দল ওই ১৩টি দোকানকে মোট এক লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করে।ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক এ বি এম বদিউজ্জামান ও মো. রেজাউল করিম শেখ পরিদর্শন দল দুটির নেতৃত্ব দেন।চট্টগ্রাম ও খুলনায় অভিযান: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শন দল গতকাল চট্টগ্রাম ও খুলনা মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। চট্টগ্রামে নয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ৯৮ হাজার টাকা এবং খুলনায় ছয়টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।