১৪০টি খাদ্যগুদাম নির্মাণে দুর্নীতির অভিযোগ পেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪০টি খাদ্যগুদাম নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে এসব গুদাম নির্মাণ করা হচ্ছে। সংসদীয় কমিটির সভায় বলা হয়, গুদামগুলোর নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এ অভিযোগ সত্য নয় বলে তা নাকচ করে দেন।সংসদ ভবনে গতকাল রোববার বিকেলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় দলের সভায় এ বিষয়ে আলোচনা করা হয়।অভিযোগ নাকচ করে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, গুদাম নির্মাণের কাজ খাদ্য ও গণপূর্ত অধিদপ্তর থেকে মনিটর করা হচ্ছে। এ ছাড়া স্থানীয়ভাবে কাজের মান সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। কমিটির তোলা অভিযোগকে ‘ঢালাও’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ করা হয়, তাহলে বিষয়টি অবশ্যই মন্ত্রণালয় তদন্ত করবে।সভায় কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হক বলেন, উত্তরাঞ্চলের ১৪০টি খাদ্যগুদাম নির্মাণে দুর্নীতি এবং নির্মাণকাজে ব্যবহূত মালামালের মান নিয়ে কমিটির কাছে অভিযোগ এসেছে। এগুলো খতিয়ে দেখা দরকার। তিনি এ ব্যাপারে মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে মন্ত্রী ওপরের ওই জবাব দেন। মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, কাজের মান যাতে ঠিক থাকে তা নিশ্চিত করতে মন্ত্রণালয় বিভিন্নভাবে এ কাজ তদারক করছে।সভায় জানানো হয়, সারা দেশে মহানগর, জেলা শহর ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস ডিলারের সংখ্যা ১০ হাজার ৬৯২। এর মধ্যে এ পর্যন্ত নয় হাজার ৯৩৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অবশিষ্ট ডিলার নিয়োগ প্রক্রিয়াধীন। সভায় সারা দেশে সঠিক লোকদের মধ্যে ফেয়ারপ্রাইস কার্ড বিতরণের সুপারিশ করা হয়।সভায় বন্যাকবলিত এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্লুইসগেটগুলো সংস্কারের সুপারিশ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দেন খাদ্যমন্ত্রী।এ ছাড়া সভায় ধান মজুদের সময়সীমা সর্বোচ্চ ৩০ দিন বহাল রাখার সুপারিশ করা হয়। কমিটির গত সভায় মজুদের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল।