রাজধানী থেকে পুরোনো মোটরযান অপসারণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আটটি স্থানে যানবাহন দাঁড় করিয়ে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল নটর ডেম, টেকনিক্যাল, কলাবাগান, বিজি প্রেস, আজিমপুর ক্রসিং, রামপুরা টিভি ভবন ও বাণিজ্যমেলা চত্বরসহ সাতটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আগারগাঁও এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। গতকাল আটটি ভ্রাম্যমাণ আদালত ১৪১টি মামলা দায়ের করেন এবং ৯০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এতে ২৫টি মামলা দায়ের হয় এবং ১১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি রামপুরা টিভি সেন্টার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দুপুর ১২টা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত তিনি অভিযান চালান। এ সময় ১২টি মামলা দায়ের ও নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।