১৪৪ ধারা ভঙ্গ করার হুমকি খেলাফত মজলিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করার হুমকি দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক।গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইসহাক এ হুমকি দেন। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামীতে মিটিংয়ে বাধা আসলে, ১৪৪ ধারা জারি করলে আমি প্রথম লাশ হওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারাও প্রস্তুত থাকবেন, ১৪৪ ধারা ভঙ্গের নির্দেশ দেওয়া হবে।’এর আগে তিনি সারা দেশে গণসংযোগ ও সুধী সমাবেশসহ তিন মাসের সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেন।গতকালের ওলামা সম্মেলনে শরিক দলের নেতা মুফতি ফজলুল হক আমিনীর উপস্থিত থাকার কথা ছিল। পুলিশ তাঁকে লালবাগ মাদ্রাসায় অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেন মাওলানা ইসহাক। তিনি হুমকি দেন, মুফতি আমিনীকে এভাবে অবরুদ্ধ করে রাখা হলে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে।অবশ্য আমিনী মুঠোফোন থেকে বক্তব্য দেন। মাইকে এ বক্তব্য শোনানো হয়। এ ছাড়া খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খানসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আসা ওলামা প্রতিনিধিরা বক্তব্য দেন।সম্মেলনে সংবিধান থেকে ইসলামী ধারা ও বক্তব্যগুলো বাদ দেওয়া থেকে বিরত থাকা, শিক্ষানীতি, নারীনীতি ও হিজাববিরোধী পরিপত্র প্রত্যাহারের দাবিসহ সাত দফা প্রস্তাব দেওয়া হয়।দেওয়ানবাগী পীরের বিরুদ্ধে সমাবেশ: ইমান-আকিদা সংরক্ষণ কমিটি নামের একটি সংগঠন রাজধানীর আরামবাগে অবস্থানকারী দেওয়ানবাগী পীরের অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। আগামী ২৪ মের মধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুমকি দেন সংগঠনটির নেতারা।সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, আমরা ঢাকাবাসীর সভাপতি সামসুল হক, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান প্রমুখ বক্তব্য দেন।সমাবেশ শেষে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।