খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে রাজধানীর ১৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে সাত লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি, বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পণ্য সংরক্ষণ ও বিক্রি করা এবং মাছ ও খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগ রয়েছে।গতকাল মঙ্গলবার চামেলীবাগ, বংশাল, পাটুয়াটুলী, মতিঝিল, নিউমার্কেট ও হাতিরপুল এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা মহানগর পুলিশ ও ভোক্তা অধিদপ্তর পৃথক অভিযানে এ জরিমানা করে।অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অপরাধে ‘হোটেল আল রাজ্জাক অ্যান্ড সুইটমিট, এ বি এম ফুড অ্যান্ড কনজুমার প্রোডাক্টস, মোহনচান গ্রান্ড সন্স, জয়গোপাল দধি ও মিষ্টান্ন ভান্ডার, অমূল্য মিষ্টান্ন ভান্ডার, জয় মা মিষ্টান্ন ভান্ডার, ক্যাফে মাওলা, হোটেল বর্ণালী এবং বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পণ্য সংরক্ষণের অপরাধে রেডি মাল্টি প্রোডাক্টসকে জরিমানা করে বিএসটিআই। এ ছাড়া, ভোক্তা অধিদপ্তরের পৃথক এক অভিযানের ফলে ও খাদ্যে ফরমালিন মেশানোর অপরাধে নজরুল, ফারুক ও কালু মিয়ার ফলের দোকানকে এবং তাঁরা মিয়া, দেলোয়ার ও সাইফুলের মাছের দোকানকে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের উপসচিব (সংযুক্ত) মো. আবদুর রাশেদ খানের নেতৃত্বে এ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়।