১৫ লাখ হিসাব দেখেন ১৪০০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ বলেছেন, তাঁর কার্যালয় থেকে সরকারি কাজে নিয়োজিত ১৫ লাখÿ লোকের হিসাবপত্র নিরীক্ষা করা হয়। এ কাজের জন্য তাঁদের লোকবল আছে ১৪ হাজার।
ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে গতকাল সোমবার অনুষ্ঠিত ‘কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠায় আর্থিক নিরীক্ষা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় মাসুদ আহমেদ এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থ-সহায়তাপ্রাপ্ত ‘গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম’ এই মতবিনিময় সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দাবি করেন, অনেক সীমাবদ্ধতার পর নমুনাভিত্তিক নিরীক্ষায় আন্তর্জাতিক মানদণ্ডে সিএজি কার্যালয় একেবারে খারাপ অবস্থায় নেই। তবে তিনি সীমাবদ্ধতা থেকে উত্তরণের প্রয়োজনীয়তার কথাও বলেন। সিএজি বলেন, নিরীক্ষাভীতি দূর করার জন্য মানুষের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। সিএজি কার্যালয়ও ধীরে ধীরে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের সবচেয়ে কাছের সেবাদানকারী প্রতিষ্ঠান হওয়ায় সুশাসন প্রতিষ্ঠার জন্য এই প্রতিষ্ঠানগুলোতে কার্যকর নিরীক্ষা পরিচালনা খুবই দরকার।
এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (গভর্নেন্স) ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তিনি বলেন, স্থানীয় সরকারকে তো বটেই, সিএজি কার্যালকেও শক্তিশালী করতে হবে। এর লোকবল বাড়াতে হবে। মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের নিরীক্ষা প্রক্রিয়া শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। বর্তমানে স্থানীয় সরকারেরÿক্ষমতা ও সম্পদ এত সীমিত যে নিরীক্ষা বিষয়ে মনোযোগ কম দেওয়া হচ্ছে। ওসিএজিকে এসব সমস্যা নিয়ে সরকারের সঙ্গে কথা বলতে হবে, সমাধানের চেষ্টা চালাতে হবে।
সভায় গবেষণাপত্র উপস্থাপন করেন সাবেক উপমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক গোলাম মুস্তাফা। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য সাধারণত ‘কমপ্লায়েন্স’ নিরীক্ষা পরিচালিত হয়। নিরীক্ষা পদ্ধতি দীর্ঘমেয়াদি হওয়ায় সার্বিকভাবে নিরীক্ষার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় ও রাজস্ব নিরীক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহতাব উদ্দিন বলেন, বর্তমানে অডিট আপত্তির বিপরীতে অনেক জবাব পাওয়া যাচ্ছে। নিরীক্ষা প্রক্রিয়া শক্তিশালী করার জন্য বিভিন্ন স্তরের স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে ওসিএজি। তবে ওসিএজির নিরীক্ষা শক্তিশালী করতে হলে এখানে বাজেট বরাদ্দ বাড়াতে হবে, সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
প্যানেল আলোচক স্থানীয় ও রাজস্ব নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক ওয়াহিদা হামিদ বলেন, তাঁদের অধিদপ্তরের অধীনে ৯ হাজার ইউনিটের বিপরীতে মাত্র ৪১৭ জন লোকবল আছে। ফলে সব ইউনিটে নিরীক্ষা পরিচালনা করা দুরূহ ব্যাপার। তারপরও প্রায় ৭০ হাজার অডিট আপত্তি অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে। নিরীক্ষায় ট্যাক্স-ভ্যাটের ওপর গুরুত্ব দেওয়া হয় সরকারি কোষাগারে অর্থ জোগানের জন্য। এ বছর এ খাতে বিগত বছরের তুলনায় বেশি অর্থ আদায় করা সম্ভব হয়েছে।
সভা সঞ্চালনা করেন আয়োজক ফোরামের অন্যতম সদস্য সংগঠন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।