১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি-বাণিজ্যের অভিযোগ তদন্তে দুদক
ভর্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে রাজধানীর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া তৃণমূল পর্যায়ে শিক্ষায় অনিয়ম ও দুর্নীতি খুঁজতে ৬৪ জেলা প্রশাসককে (ডিসি) পৃথক চিঠি দিয়েছে সংস্থাটি।
দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। গতকাল ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি দেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী। চিঠিতে বিভিন্ন শ্রেণিতে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির পদ্ধতি ও নীতিমালা, এ বছর ভর্তির জন্য আসনসংখ্যা কত, সে সম্পর্কে ১২ জানুয়ারির মধ্যে তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি-বাণিজ্য নিয়ে বেশ কিছু অভিযোগ সম্প্রতি দুদকে জমা পড়েছে। ওই সব অভিযোগ যাচাই করার পর আমলে নিয়ে মীর জয়নুল আবেদীনের নেতৃত্বে অনুসন্ধান দল গঠন করা হয়।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে সেগুলো হলো, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, আজিমপুর সরকারি বালিকা স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ এবং রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।
সূত্র জানিয়েছে, তথ্য পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অনিয়ম খুঁজতে ডিসিদের চিঠি
অন্যদিকে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনতে গতকাল রোববার জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
দুদক সূত্র বলছে, কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদেরও বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়। বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণদেরও পরের শ্রেণিতে ভর্তির সুযোগ দেয়। এ ধরনের কাজ করার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি আদায় করে। দুদক মনে করছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এ ধরনের প্রবণতা দুর্নীতির প্রসার ঘটাচ্ছে ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কা তৈরি করে।