১৬ এপ্রিলের মধ্যে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার স্বাধীনতার ৪২তম বার্ষিকীর দিনেই জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতি স্থাপনের কর্মসূচি ছিল। কিন্তু গত সোমবার প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি বিশেষ সাধারণ সভা ডেকে জাতির পিতার প্রতিকৃতি স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালে ওই কর্মসূচি স্থগিত করে সাংবাদিকদের দুটি ইউনিয়ন।তবে, গতকাল জাতীয় প্রেসক্লাবে পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ছিল।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ জাতির জনকের প্রতিকৃতি স্থাপনের জন্য ক্লাবের ব্যবস্থাপনা কমিটিকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যথায় ১৭ এপ্রিল ওই প্রতিকৃতি স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে।বিএফইউজে ও ডিইউজে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা ও শহীদ মিনারের অবমাননাসহ বেশকিছু দাবিতে সমাবেশ আয়োজন করেছিল। এতে বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ১৬ এপ্রিলের মধ্যে ব্যবস্থাপনা কমিটি প্রতিকৃতি স্থাপনের পদক্ষেপ না নিলে তাঁরাই প্রতিকৃতি স্থাপন করবেন।সমাবেশে শাহজাহান মিয়া, মনজুরুল আহসান বুলবুল প্রমুখ বক্তব্য দেন।অপর অংশের সমাবেশ: বিএফইউজে ও ডিইউজের অপরাংশ অনির্ধারিতভাবে গতকাল প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে। এ সময় গণমাধ্যমের ওপর নগ্ন হামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আগামী ৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়।গতকাল আয়োজিত সমাবেশে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, হামলা করে ও মামলা দিয়ে যখন সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাচ্ছে না, তখন জাতীয় প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, জাতীয় প্রেসক্লাবে কোনো নেতার প্রতিকৃতি স্থাপনের জন্য আজ পর্যন্ত কেউ কোনো দিন দাবি তোলেনি। সমাবেশে বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের একাংশের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মো. বাকের হোসাইন প্রমুখ।