১৬টি গভীর নলকূপ স্থাপিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঢাকা ওয়াসা ১৬টি গভীর নলকূপ স্থাপন করছে। এর মধ্যে সাতটি নতুন ও নয়টি প্রতিস্থাপনের কাজ চলছে। এ কাজ শেষ হলে দৈনিক প্রায় সাড়ে চার কোটি লিটার পানি উৎপাদন বাড়বে বলে জানান তিনি। গ্রীষ্ম মৌসুমে ঢাকার যেসব এলাকায় পানির ঘাটতি থাকে, সেসব এলাকায় নলকূপগুলো বসানো হবে। গতকাল বুধবার সংসদে সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী জানান, বিদ্যুৎ বিভ্রাটের সময় পানি উৎপাদন অব্যাহত রাখতে ৫৭৬টি পাম্প স্টেশনের মধ্যে ২৩৩টিতে জেনারেটর রয়েছে। এ ছাড়া আরও ২০০ জেনারেটর কেনার প্রক্রিয়া চলছে। ওয়াসার অবৈধ সংযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অবৈধ সংযোগের তথ্য পেলে ওয়াসার ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক সেসব সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায় করেন। বিচ্ছিন্নভাবে এ কার্যক্রম সারা বছরই পরিচালিত হয়। অবৈধ সংযোগের সঙ্গে ওয়াসার কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন কারণে পাইপলাইন ছিদ্র হয়ে থাকে। এ ধরনের ছিদ্রযুক্ত লাইন পরিবর্তনের কাজ চলছে।মন্ত্রী বলেন, প্রথম পর্বে সরকারি অর্থায়নে চলতি মাস থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১৫২ কিলোমিটার নতুন পাইপলাইন বসানোর কাজ চলছে। এরপর আরও সাত পর্বে রাজধানীর অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে দুই হাজার ৫০০ কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হবে।সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট: ওয়াসার সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দ্বিতীয় পর্যায়ের কাজ ১০ শতাংশ শেষ হয়েছে। গত বছরের ১৫ এপ্রিল শুরু হওয়া এ ভূ-উপরিস্থ পানি শোধনাগারের কাজ পুরোপুরি শেষ হবে ২০১২ সালের ডিসেম্বরে। এ প্রকল্পের কাজ শেষ হলে সাড়ে ২২ কোটি লিটার পানি উৎপাদন করা সম্ভব হবে। বর্তমানে ঢাকা ওয়াসা দিনে ২১০ কোটি লিটার পানি উৎপাদন করে।গতকাল ফরাসি রাষ্ট্রদূত চার্লি কসারেট ও ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্ড ওলিং এ প্রকল্পকাজ পরিদর্শনে গেলে প্রকল্প বাস্তবায়নকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজের অগ্রগতি সম্পর্কে এসব তথ্য জানান। পরিদর্শন শেষে সায়েদাবাদ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজে অর্থায়নের বিষয়ে উভয় রাষ্ট্রদূত আশ্বাস দেন। প্রসঙ্গত, ডেনমার্কেও সাহায্য সংস্থা ডানিডার অর্থায়নে এক হাজার ১৪০ কোটি টাকা ব্যয়ে সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, বর্তমানে রাজধানীতে পানির কোনো ঘাটতি নেই। সায়েদাবাদ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে নগরবাসীর পানির চাহিদা পুরোপুরি মেটানো যাবে। এ ছাড়া শুষ্ক মৌসুমে নদী থেকে সংগৃহীত পানিতে গন্ধ যাতে না থাকে, সে জন্য প্রি-ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে বলে তিনি জানান।কর্মকর্তারা জানান, সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের তৃতীয় পর্যায়, পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও খিলক্ষেত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট—এ তিনটি বৃহৎ পানি শোধনাগার নির্মাণপ্রকল্প প্রক্রিয়াধীন। এগুলোর কাজ শেষ হলে পদ্মার পানি কেরানীগঞ্জে এবং মেঘনার পানি খিলক্ষেতে শোধনাগার প্রকল্পের মাধ্যমে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান তাঁরা।