১৬৮ জন শিক্ষক ফেব্রুয়ারি থেকে বেতন পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রেষণে থাকা ১৬৮ জন শিক্ষক ফেব্রুয়ারি থেকে বেতন পাচ্ছেন না। বিষয়টিকে অনৈতিক ও অমানবিক উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষকেরা অভিযোগ করেছেন, প্রশাসন চাপে রেখে তাঁদের তাড়াতে চাইছে। তবে প্রশাসন বলছে, আইনি জটিলতার কারণে বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার শেখ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, গত বছর অক্টোবরে শিক্ষকদের প্রেষণে থাকার মেয়াদ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ে আত্তীভূত হতে শিক্ষকদের মামলা বিচারাধীন এবং শিক্ষা মন্ত্রণালয় তাঁদের পদমর্যাদা (স্ট্যাটাস) নির্ধারণ করে না দেওয়ায় বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। প্রাণিবিজ্ঞান বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মতো আমরাও প্রশ্ন করা থেকে শুরু করে ছাত্রছাত্রী পড়াচ্ছি, পরীক্ষা নিচ্ছি, দাপ্তরিক কাজও করছি। কিন্তু প্রশাসন অনৈতিকভাবে দীর্ঘদিন বেতন বন্ধ রেখেছে।’ খোঁজ নিয়ে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ১৯ অক্টোবরের পর প্রেষণে থাকা শিক্ষকদের অন্যত্র বদলি হয়ে যাওয়ার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আত্তীভূত হতে দুই বছর আগে বর্তমানে প্রেষণে থাকা ১৬৮ জনসহ ১৯১ জন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক চারটি রিট আবেদন করেন। গত বছর ১১ আগস্ট চারটি রিটই খারিজ করে দেন হাইকোর্ট। পরে লিভ টু আপিল করেন শিক্ষকেরা। মামলাগুলো বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। এ কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছর আগস্ট মাসে এই শিক্ষকদের বদলির জন্য আবেদন করলেও তা আটকে আছে।সূত্র জানায়, প্রেষণে থাকার মেয়াদ শেষ হওয়ার পর কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে তিন মাস এই শিক্ষকদের বেতন পরিশোধ করে। পরে তাঁদের জন্য বাজেটে বরাদ্দ নেই—এ কথা বলে ফেব্রুয়ারি থেকে বেতন বন্ধ করে দেয়। তবে গত মার্চে বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে বকেয়া বেতন পরিশোধ করার কথা ওই শিক্ষকদের লিখিতভাবে জানিয়ে দেন রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, চলতি মাসে বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শর্ত দিয়েছে, আইনি জটিলতা শেষ হওয়ার পর কমিশন ও মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শিক্ষকদের বেতন দিতে হবে।ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক অধ্যাপক বলেন, তাঁদের ভালোমন্দ দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। উল্টো বেতন আটকে রেখেছে, এমনকি বদলি হতেও কোনো সহযোগিতা করছে না। উপ-রেজিস্ট্রার বলেন, বদলি ও বেতনসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে শুধু মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের কিছুই করার নেই।নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা বলেন, গত বছর মন্ত্রণালয় বেশ কয়েকজন শিক্ষককে বদলির আদেশ দেয়। শিক্ষকেরা আদালত থেকে আদেশের ওপর স্থগিতাদেশ আনেন। এ জন্য মন্ত্রণালয় আইনি জটিলতা এড়াতে মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে।পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষক বলেন, গণতান্ত্রিক অধিকারেই শিক্ষকেরা আদালতে গেছেন। তাঁর সঙ্গে বেতন বন্ধ রাখার সম্পর্ক থাকতে পারে না। মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘জানি শিক্ষকেরা কষ্টে আছেন। তবে তাঁরা নিজেরাই নিজেদের সমস্যা সৃষ্টি করেছেন। আশা করি, এ মাসেই মামলার রায় হয়ে গেলে বিষয়টির সমাধান হবে।’