মোড়কজাত পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের ১৭টি দোকানকে এক লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দলটি রাজধানীর গুলশান-২ নম্বর ঢাকা সিটি করপোরেশন মার্কেটের মানিক জেনারেল স্টোর, ইকবাল স্টোর, স্বপ্না জেনারেল স্টোর, মোক্তার জেনারেল স্টোর, বাড্ডা জেনারেল স্টোর, আধুনিক জেনারেল স্টোর, জানকী ভাণ্ডার, গুলশান কনফেকশনারি, টাঙ্গাইল জেনারেল স্টোর, ইসলাম জেনারেল স্টোর ও গাজী জেনারেল স্টোরে অভিযান চালায়। এসব দোকানে থাকা ড্যানিশ ও স্টারশিপ কনডেন্স মিল্ক, ট্যাং, লেক্সাস ও ডিলাক্স বিস্কুট এবং নসিলার কনটেইনারের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। এ কারণে ১৬টি দোকানকে এক লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডিসিসি মার্কেটের গুলশান প্লাজা রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশন করায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব মার্কেটের বিভিন্ন দোকানে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অধিক মূল্যে বিক্রি না করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী সচিব মনিরুজ্জামান অভিযান পরিচালনা করেন। এ সময় মৎস অধিদপ্তর, ক্যাবের প্রতিনিধি, র্যাব ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।