বেশি দামে পণ্য বিক্রি, পণ্যের মোড়কে বিক্রয়মূল্য উল্লেখ না থাকা, ওজনে কারচুপি, নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরিসহ বিভিন্ন অভিযোগে ১৭টি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ভোক্তা অধিকার অধিদপ্তরের পৃথক দুটি পরিদর্শক দলের পরিচালিত আদালত ১৪টি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ১২ হাজার টাকা এবং বিএসটিআই পরিচালিত একটি আদালত তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেন।অধিদপ্তরের সূত্র জানায়, একটি পরিদর্শক দল গতকাল রোববার কাঁঠালবাগান, কলাবাগান ও তেজগাঁও এলাকায় অভিযান চালায়। কাঁঠালবাগানের ভাই ভাই জেনারেল স্টোর, তালুকদার জেনারেল স্টোর ও সুমাইয়া এন্টারপ্রাইজ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিল। পরিদর্শক দল ওই তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে। ভাই ভাই জেনারেল স্টোরের পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরামূল্য উল্লেখ না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কলাবাগানের স্বাদ রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব গার্ডেন এবং মোল্লা হোটেল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করছিল। পরিদর্শক দল ওই দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করে।অপর পরিদর্শক দলটি রাজধানীর তেজকুনীপাড়ার কলমীলতা বাজারের ভাই ভাই জেনারেল স্টোর ও কল্যাণপুর এলাকার তানভীর ভ্যারাইটি স্টোর, শাহীন জেনারেল স্টোর ও শফিক স্টোরে অভিযান চালায়। এসব দোকানে লিখিত দামের চেয়ে বেশি দামে প্যাকেটজাত তেল ও চিনি বিক্রি করা হচ্ছিল। পরিদর্শক দল এসব দোকানের মালিকদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করে। তেজকুনীপাড়ার আনোয়ারুল রাইস এজেন্সি এবং কল্যাণপুর বাজারের নিতাইয়ের মাছের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন বাটখারার ওজনে গরমিল পাওয়া যায়। ওই দুটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেজকুনীপাড়ার তৃপ্তি হোটেল, বিজয় সরণি রেস্তোরাঁ এবং কল্যাণপুরের মুসলিম সুইটস অ্যান্ড বেকারিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আবু তালেব এবং উপপরিচালক মো. মনিরুজ্জামান পৃথকভাবে অভিযান দুটির নেতৃত্ব দেন। মৎ স্য অধিদপ্তর, পুলিশ এবং র্যাবের সদস্যরা অভিযানে সহায়তা করেন। বিএসটিআইয়ের অভিযান: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল রাজধানীর যাত্রাবাড়ী ও খিলগাঁও এলাকায় এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন। বিএসটিআই সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত গতকাল যাত্রাবাড়ী এলাকায় রায়হান ও মজিদ বেকারিতে অভিযান চালায়। ওই দুটি বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট ও কেক তৈরি করা হচ্ছিল। আদালত রায়হান বেকারিকে ২০ হাজার টাকা এবং মজিদ বেকারিকে ৩২ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত খিলগাঁও এলাকার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালান। ওই প্রতিষ্ঠানের ওজন পরিমাপক যন্ত্রে বিএসটিআইয়ের মাননিয়ন্ত্রক সনদ না থাকায় আদালত ওই প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমীন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে নেতৃত্ব দেন।