অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদন ছাড়া খাবার তৈরি, ওজনে কম দেওয়া এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ১৭টি প্রতিষ্ঠানকে সাত লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করে।বিএসটিআই সূত্র জানায়, তেজগাঁওয়ের র্যাভেন ফুড প্রডাক্ট বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নুডলস ও লাচ্ছা সেমাই তৈরি করছিল। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া এই প্রতিষ্ঠান থেকে মাদার ব্র্যান্ডের ৫৫০ প্যাকেট নুডলস এবং র্যাভেন ব্র্যান্ডের ২০০ কেজি, রিলাক্স ব্র্যান্ডের ১০০ কেজি ও সফট ব্র্যান্ডের ৫০ কেজি লাচ্ছা সেমাই জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং ঢাকনাবিহীন খাবার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত আটটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ দুই হাজার টাকা জরিমানা করেন। এই আটটি প্রতিষ্ঠান হলো: দক্ষিণ মুগদার ইসলামিয়া হোটেল, গ্রিন রোডের হোটেল নিউ স্টার, ফার্মগেটের ফার্মগেট রেস্টুরেন্ট অ্যান্ড চায়নিজ, জুরাইনের হাজী বনফুল ব্রেড অ্যান্ড বেকারি, তৃপ্তি মিষ্টান্ন ভান্ডার ও বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ধানমন্ডির সায়হাম সুইটস অ্যান্ড ফুড ও মরণ চাঁদ অ্যান্ড মোল্লা হোটেল। এ ছাড়া ওজনে কম দেওয়ার কারণে দক্ষিণ মুগদার কাদেরের মাংসের দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, মো. আবু সাইদ, মো. সেলিম হোসেন ও শহীদ হোসেন চৌধুরী বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি ভ্রাম্যমাণ আদালত সাতটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন। অধিদপ্তর সূত্র জানায়, বেইলি রোডের ফখরুদ্দিন ফুডস অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় একে এক লাখ টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ প্রসাধনসামগ্রী বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত একই এলাকার মাদার্স কেয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।উত্তরার কুশল সেন্টার নামের একটি বড় বাজারের পাঁচটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এই বাজারের বিসমিল্লাহ জেনারেল স্টোর, লিটন এন্টারপ্রাইজ ও বি-বাড়িয়া স্টোর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিল। এই তিনটি প্রতিষ্ঠানকে আদালত ৬৫ হাজার টাকা জরিমানা করেন। ওজনে কম দেওয়ার দায়ে এখানকার একটি মাংসের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে চিনি সরবরাহ না করায় এই বাজারের ভাই ভাই জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।