১৭ যানবাহন ডাম্পিংয়ে
সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গতকাল মঙ্গলবার সংস্থাটি রাজধানীর আগারগাঁওয়ে বিশেষ অভিযান চালায়।
বিআরটিএ সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম। শেরেবাংলা নগর থানা-পুলিশের সদস্যরা এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
আদালত বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫টি মামলা, ৫ হাজার ৬০০ টাকা জরিমানা এবং ১৭টি যানবাহনকে ডাম্পিংয়ে পাঠানোর আদেশ দেন। ডাম্পিংয়ে পাঠানো যানবাহনের মধ্যে ১৫টি প্রাইভেট সিএনজি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল রয়েছে।
আদালত সূত্র জানায়, প্রাইভেট সিএনজি অটোরিকশায় পাবলিক যাত্রী ওঠানো, মিটার না থাকা, নতুন তেলের মূল্য অনুযায়ী বাসে চার্ট না থাকা ও বাসে সংরক্ষিত মহিলা আসন না থাকায় এ মামলা ও জরিমানা করা হয়েছে। আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিআরটিএর পাঁচটি টিম অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও রাজধানীতে বিআরটিএ অভিযান শুরু করেছিল। কিছুদিন অভিযানের পর যানবাহন চালকদের প্রতিবাদের মুখে তা বন্ধ হয়ে যায়।