১৭ সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস ঘোষণার দাবি
১৭ সেপ্টেম্বর জাতীয়ভাবে শিক্ষা দিবস ঘোষণা করাসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান তারেক। ছাত্র ইউনিয়নের দাবিগুলোর মধ্যে রয়েছে—দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে। মৌলিক অধিকার হিসেবে শিক্ষাকে সংবিধানে স্বীকৃতি দিতে হবে।এছাড়া অন্য দাবিগুলো হলো অবিলম্বে সর্বজনীন গণমুখী বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, শিক্ষা খাতে জাতীয় আয়ের ৮ শতাংশ দিতে হবে, শিক্ষা খাতে বাণিজ্যিকীকরণ বন্ধ করে জাতীয়করণ করতে হবে, দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা চালু করতে হবে।১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিলের দাবিতে হরতাল চলাকালে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ কয়েকজন মারা যান। তখন থেকে ১৭ সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।