১৭ স্কুল-কলেজ নির্মাণে ভূমি বরাদ্দ আগামী মাসে
ঢাকায় ১৭টি মানসম্পন্ন নতুন স্কুল-কলেজ নির্মাণের জন্য আগামী মাসে শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে ভূমি বরাদ্দ দেওয়া হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহূত জমিতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা হবে। ভূমি বরাদ্দ পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় এগুলোর নির্মাণের কাজে হাত দেবে। গত বুধবার ভূমি মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের ব্যাপারে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ভূমি বরাদ্দের বিষয়ে কোনো মন্ত্রণালয়ই আপত্তি জানায়নি। জনসংখ্যা বাড়ার পাশাপাশি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা না বাড়ায় সরকার রাজধানীতে এসব স্কুল-কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে।ভূমিসচিব আতাহারুল ইসলাম বলেন, আমরা এরই মধ্যে স্কুল-কলেজ নির্মাণের জন্য নয়টি স্থান চিহ্নিত করেছি। এ মাসের শেষে আরেকটি সভা করে পুরো বিষয়টি চূড়ান্ত করা হবে। সচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহূত জমি ছাড়াও ব্যক্তিমালিকানাধীন কিছু জমিও নেওয়া হবে। এ কারণে ভূমি বরাদ্দ দিতে কিছু সময় বেশি লাগতে পারে।ভূমিমন্ত্রী রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভূমিসচিব আতাহারুল ইসলামসহ শিক্ষা, বিমান, যোগাযোগ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৭টি স্কুল ও কলেজ স্থাপনের জমি পেতে বা হস্তান্তর করতে যাতে দেরি না হয়, তা তদারক করতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন) সভাপতি করে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণে যেসব জমি বরাদ্দ দেওয়া হচ্ছে, তা অধিগ্রহণের বিষয়সহ সব কাজ সমন্বয় করবে। সূত্রমতে, কমিটি ইতিমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চিহ্নিত এলাকা পরিদর্শন করেছে। কমিটির পক্ষ থেকে জমির মালিকের সম্মতি নিয়ে তা ঢাকা জেলা প্রশাসকের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে অধিগ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।