১৭০০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা মোট এক হাজার ৭০০ শিক্ষার্থী ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা বশির আহমেদ প্রথম আলোকে বলেন, গত বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামালউদ্দীন আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় শিক্ষার্থীদের ওপর হামলা, অগ্রণী ব্যাংকের শাখা, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহূত দুটি বাস ও নতুন ভবনে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।পুলিশ কর্মকর্তা বশির আহমেদ আরও বলেন, বুধবার রাতেই কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বি এম নাজমুল বাদী হয়ে অজ্ঞাতনামা ৬০০ শিক্ষার্থী ও ৬০০ ব্যবসায়ীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ওই মামলায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মীর আহত হওয়া ও বিশৃঙ্খলার অভিযোগ আনা হয়েছে।গতকাল দুপুরে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের এক বৈঠকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক বন্ধের দাবিতে ক্যাম্পাস-সংলগ্ন পাটুয়াটুলী এলাকার ব্যবসায়ীরা গতকাল বিক্ষোভ মিছিল করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে ফটক বন্ধের দাবি করেন তাঁরা। তাঁদের দাবি অনুযায়ী প্রশাসন ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বৈঠকের পর উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটক বন্ধ রাখা হবে।উল্লেখ্য, চশমা কেনাকে কেন্দ্র করে গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই ব্যবসায়ী ও ১৩ শিক্ষার্থী আহত হন। মারামারির মধ্যে পড়ে প্রাণ হারান এক বৃদ্ধ পথচারী।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে। তাঁরা সবাই ছাত্রলীগের সদস্য।