১৮ প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদা-লত গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অভিযান চালিয়ে ১৮টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছেন।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর নতুন বাজার, শাহবাগ, ঢাকেশ্বরী, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় এই আদালত পরিচালনা করে।বিএসটিআইয়ের অভিযান: বিএসটিআইয়ের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল নতুন বাজারের ভাটারায় পুষ্টি ডেইরি ফার্মে গিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবহার-নিষিদ্ধ রং দিয়ে ইফতারসামগ্রী তৈরি দেখতে পেয়ে দোকানের মালিক পরিতোষ ঘোষের বিরুদ্ধে মামলা এবং দোকানটি সিলগালা করেন।একই এলাকার এইচ এম ফুড অটো রাইস মিলে খাবার-অযোগ্য চাল দিয়ে মুড়ি তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আল নিয়ামা ফুড অ্যান্ড বেভারেজকে খাওয়ার পানি পরিশোধন না করে বোতলে ভরে বিক্রি করায় সাত হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরে কারখানাটি সিলগালা করেন।অপর এক আদালত শাহবাগের আজিজ সুপার মার্কেটে অভিযান চালিয়ে কাবাব দাবা নামের একটি দোকানকে নোংরা ও খোলা পরিবেশে ইফতারি বিক্রি করতে দেখে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। মুসলিম সুইটস অ্যান্ড বেকারিকে বিএসটিআইয়ের অনুমোদনহীন দই ও খাওয়ার পানি বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজনে কম দেওয়ায় আদালত জুসি নামের একটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালতের অপর এক অভিযানে মোহাম্মদপুরে গোয়ালঘর নামের একটি দোকানে অনুমোদনহীন দই ও পাস্তুরিত দুধ বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা করেন। হাতিরপুলে হাজীর বিরিয়ানি হাউস ও রেস্টুরেন্টে খোলা পরিবেশে খাবার সংরক্ষণ ও ওজনে কম দেওয়ার কারণে সাত হাজার টাকা জরিমানা করা হয়। খিলগাঁওয়ের দারু সুন্নাত বেকারিতে অনুমোদনহীন পাউরুটি, কেক ও বিস্কুট তৈরি করায় ৩০ হাজার টাকা জরিমানা করেন আদালত। একই এলাকার পালকি কনফেকশনারি ও বিসমিল্লাহ ডেইরি সুইটসে অনুমোদনহীন দই ও চানাচুর তৈরি করায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া এলিফ্যান্ট রোডের নিউ অষ্টব্যঞ্জন ও ঢাকেশ্বরী মোড়ের দুর্গা মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা এবং বনফুল ও হূদয় কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, মো. রাশেদুল ইসলাম, দিল আফরোজা বেগম, শরীফা আহমেদ ও শহীদ হোসেন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতগুলোর নেতৃত্ব দেন।র্যাবের অভিযান: র্যাবের ভ্রাম্যমাণ আদালত যাত্রাবাড়ীর শনির আখড়ায় ইবনে সিনা ফুড ইন্ডাস্ট্রিজ ও ইসলামিক ফার্মাসিউটিক্যাল নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালান। আদালত প্রতিষ্ঠান দুটিকে ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করেন ও সিলগালা করেন। পরে একই আদালত যাত্রাবাড়ীর মুসলিমাবাদে ইভানা ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান। আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন।