১৮০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ম্যাডোনা গ্রুপ
মহাখালী কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮০ জন শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছেন ম্যাডোনা গ্রুপ। প্রত্যেক শিক্ষার্থীর হাতে আট হাজার টাকা করে তুলে দেন ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক সচিব মহিউদ্দিন আহম্মেদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমাদের দেশের তরুণরা এখন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গেও পৌঁছে গেছে। তোমরা চাইলেই করতে পারো অনেক কিছু। সেই আদর্শ সামনে রেখে এগিয়ে চলো।’ আব্দুল কাইয়ুম বলেন, ‘অনেকে উচ্চাশা নিয়ে সামনের পথে এগিয়ে যায়। অনেকে হতাশায় পড়ে গ্রহণ করে মাদক। মাদক থেকে দূরে থাকবে। ভালো বই পড়বে, ভালো গান শুনবে। দেখবে উপকার পাবে।’ বিজ্ঞপ্তি।