১৮৮ জনের জন্য একটি শৌচাগার
কল্যাণপুর পোড়া বস্তিতে শৌচাগার আছে ৮৫টি। এগুলো ব্যবহারকারীর সংখ্যা ১৬ হাজার। অর্থাৎ গড়ে ১৮৮ জন বাসিন্দার জন্য একটি শৌচাগার। এই বস্তির বাসিন্দাদের জন্য বৈধ পানির কল বা নলকূপ আছে ১৮৪টি। গড়ে ৮৭ জন একটি পানির সংযোগ ব্যবহার করছেন। তবে বস্তিতে নেই বৈধ বিদ্যুতের সংযোগ। নেই কোনো সরকারি বিদ্যালয়।
কল্যাণপুর বস্তি এলাকায় নাগরিক পরিষেবার অভিগম্যতা বিষয়ে বেসরকারি সংস্থা সবুজের অভিযান ফাউন্ডেশন পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার ‘বস্তি এলাকায় নাগরিক পরিষেবার অভিগম্যতা’ বিষয়ে আয়োজিত একটি সংলাপে এসব তথ্য উপস্থাপন করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), অ্যাকশন এইড বাংলাদেশ, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং নগর দরিদ্র বস্তিবাসীর উন্নয়ন সংস্থা যৌথভাবে সংলাপটি আয়োজন করে।
বিআইপি মিলনায়তনে আয়োজিত এই সংলাপে আলোচকেরা বলেন, শুধু কল্যাণপুর নয়, বেশির ভাগ বস্তির চিত্র প্রায় একই রকম। সরকারি-বেসরকারি জায়গায় গড়ে উঠেছে এসব বস্তি। অধিকাংশ বস্তিতে নেই বৈধ বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ। তবে ঢাকা ওয়াসার উদ্যোগে অনেক বস্তিতেই দেওয়া হয়েছে পানির সংযোগ। বস্তিবাসীদের স্থায়ী আবাসনব্যবস্থা না থাকায় সারাক্ষণ তাদের উচ্ছেদ আতঙ্কে থাকতে হয়।
প্রধান অতিথি নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বস্তির মূল সমস্যা আবাসন। বস্তির বাসিন্দাদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা গেলে তাদের বাকি সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। বস্তি বিষয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। গৃহায়ণ নীতিমালাতে রাখঢাক করে বস্তির বাসিন্দাদের বিষয়ে বলা হয়েছে।
ঢাকা ওয়াসা বিভিন্ন বেসরকারি সংস্থার সহযোগিতায় বস্তিবাসীদের জন্য বৈধ পানির সংযোগের ব্যবস্থা করেছে। সংলাপে বক্তারা ওয়াসার এমন উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা সরকারি অন্যান্য বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থাকেও ওয়াসার মতো বস্তিবাসীদের ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান।
ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায় বলেন, বস্তিতে বৈধ পানির সংযোগ দিতে ওয়াসাকে নীতি পরিবর্তন করতে হয়েছে। সবার আগে মানুষের প্রয়োজন। এখনো বস্তিতে অবৈধ সংযোগ আছে। বৈধ পানির ব্যবস্থা করার আগে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না। ২০১৭ সালের মধ্যে সব বস্তিবাসীকে ওয়াসা বৈধ পানি দিতে চায়।
অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ্ কবির বলেন, বস্তি রাখতে না চাইলে বস্তিবাসীদের জন্য স্বল্প খরচে আবাসনের ব্যবস্থা করতে হবে। সরকারি সংস্থাগুলো বস্তিতে পরিষেবা দেয় না অথচ উচ্ছেদ অভিযান চালিয়ে থাকে।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সবুজের অভিযান ফাউন্ডেশনের প্রকল্প তত্ত্বাবধায়ক সাবিহা সুলতানা। কল্যাণপুর বস্তিতে পরিচালিত একটি গবেষণার তথ্য তাতে তুলে ধরা হয়। এই বস্তিতে মোট পরিবার আছে ৩ হাজার ৭৯০টি। বাসিন্দার সংখ্যা প্রায় ১৬ হাজার। বস্তির ৬৫ ভাগ বাসিন্দা নিজের মালিকানার ঘরে থাকে। বাকি ৩৫ শতাংশ পরিবার ঘর ভাড়া নিয়ে থাকে। অধিকাংশ বস্তিবাসীই নদীভাঙনের শিকার হয়ে ঢাকা এসেছেন।
আলোচকেরা বস্তিতে পরিষেবা বাড়াতে সরকারের অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানান। তাঁরা বলেন, অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা প্রদানকারী সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বস্তির বাসিন্দাদের যোগাযোগে ঘাটতি থাকে। রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা না থাকলে বস্তিবাসীর সমস্যা সমাধান সম্ভব না।
বিআইপির সভাপতি অধ্যাপক এ কে এম আবুল কালামের সভাপতিত্বে সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নাজমুল হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের রিসার্চ ফেলো এম এ মান্নান, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান প্রমুখ।