জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যসমস্যা নিয়ে ১৯ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের আঞ্চলিক সভা। বাংলাদেশসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের অধীন ১১টি দেশ এতে অংশ নেবে।এ বছরের ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের কনফারেন্স অব পার্টির ১৬তম (ইউএনএফসিসিসি কোপ ১৬) বৈঠকে এই অঞ্চলের দেশগুলোর প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে সরকার।হোটেল শেরাটনে অনুষ্ঠেয় সভায় শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো নিজেদের মধ্যে আলোচনা করে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে একটি সুপারিশমালা তৈরি করবে। এই সুপারিশমালা কানকুনের বৈঠকে স্বাস্থ্যকে জলবায়ু পরিবর্তনের বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। বিজ্ঞপ্তি।