১৯ প্রতিষ্ঠানকে পৌনে তিন লাখ টাকা জরিমানা
রাজধানীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ১৯টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং খাবারে ভেজাল মেশানোর অপরাধে এসব জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে নগরের রাজারবাগ আউটার সার্কুলার রোড, মধুবাগ, মগবাজার ওয়্যারলেস গেট ও বেইলি রোডে অভিযান চালিয়ে ১০টি প্রতিষ্ঠানকে ৮১ হাজার ৫০০ টাকা জরিমানা করে। এর মধ্যে লিভিং ইন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, তামান্না ফার্মেসি, মা জেনারেল স্টোর, স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর, ফুড বেকারি ও ডিএফসি ফাস্ট ফুডকে ১০ হাজার টাকা করে, সনি জেনারেল স্টোর ও বেইলি পিঠাঘরকে পাঁচ হাজার টাকা করে, ইমামের ইফতারির দোকানকে এক হাজার টাকা এবং ইদ্রিসের মাংসের দোকানকে ৫০০ টাকা জরিমানা করে। অন্যদিকে বিএসটিআইয়ের অভিযানে নয়টি প্রতিষ্ঠানকে এক লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে উত্তরার সুপার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, মালিবাগের নিউ আনন্দ হোটেলকে ৪০ হাজার টাকা, উত্তরার হিমালয় রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, মগবাজারের ক্যাফে গ্র্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট ও উত্তরার নিউ রাঁধুনী রেস্তোরাঁকে ২০ হাজার করে, মালিবাগের আল-মদিনা হোটেল ও নিউ ক্যাফে ডি তাজ হোটেলকে ১০ হাজার টাকা করে, মালিবাগের সুরমা রেস্টুরেন্টকে ছয় হাজার এবং পূর্ব রামপুরার মীম হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।