বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২ দিনের প্রতিবাদ কর্মসূচি আহ্বান করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।গতকাল রোববার এক বিবৃতিতে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এই কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হবে। এ সময় দেশব্যাপী বিদ্যুৎ অফিস ও ঢাকায় এনার্জি রেগুলেটরি কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি চলবে। ২৯ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে এবং গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়ন করা না হলে ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।বিবৃতিতে কমিটির নেতারা বলেন, জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শিল্পায়ন বাধাগ্রস্ত তথা অর্থনীতি বিপর্যস্ত করে কিছু সুবিধাভোগী গোষ্ঠীর জন্য সরকার ইতিমধ্যে বিদ্যুতের দাম পাঁচ দফা বাড়িয়েছে। কুইক রেন্টাল বিদ্যুৎ প্লান্টের ওপর নির্ভরতা সৃষ্টি এবং বিদ্যুৎকে ব্যক্তি মুনাফার পণ্যে পরিণত করায় এর উৎপাদন ব্যয় গত কয়েক বছরে চার-পাঁচ গুণ বেড়ে গেছে। আবারও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে। বিবৃতিতে কম দামে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কিছু সুপারিশ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো: বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি তেল-গ্যাস-কয়লার শতভাগ জাতীয় মালিকানায় রাখা। গ্যাস ও কয়লা যাতে বিদেশে পাচার না হয়, সে জন্য ‘খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন’ পাস করা এবং কনোকো-ফিলিপসের সঙ্গে রপ্তানিমুখী চুক্তি বাতিল করা।