রাজধানীর ২ কিলোমিটারে ৩ বাজারে গরুর মাংসের দাম ভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরুর মাংস
প্রথম আলো ফাইল ছবি

প্রায় দুই কিলোমিটার দূরত্বের মধ্যে তিনটি বড় কাঁচাবাজার। তিনটিই মোহাম্মদপুর এলাকায়। প্রথমটি মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচাবাজার, দ্বিতীয়টি কাঁটাসুর কাঁচাবাজার ও তৃতীয়টি টাউন হল কাঁচাবাজার। এই তিন বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ভিন্ন দামে। আজ বৃহস্পতিবার সকালে ওই তিন বাজারে গিয়ে এসব চিত্র দেখা গেছে।

এর মধ্যে কৃষি মার্কেট কাঁচাবাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। কাঁটাসুর কাঁচাবাজারে দাম ৬২০ টাকা। আর টাউন হল বাজারে বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি দরে।

তিন বাজারের মাংস বিক্রেতারাই কমবেশি দামে গরুর মাংস বিক্রি নিয়ে নিজেদের পক্ষে নানা কথা বলেন। বিক্রেতাদের কেউ কেউ বলছেন, অনেক ছোট দোকানে গরু জবাই হয় না। বড় দোকান থেকে কিনে বিক্রি করে। তাই দাম একটু বেশি রাখা হয়। কেউ বলেন, বড় দোকানিরা একটি ষাঁড়ের সঙ্গে একটি-দুটি গাভী জবাই দেন। কিন্তু ষাঁড়ের দামেই গাভীর মাংসও বিক্রি করেন।

কৃষি মার্কেটের গোলাম মোর্তজা গোশত বিতানে প্রতি কেজি গরুর মাংসের দাম ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। পরিমাণে মাংস বেশি নিলেও কোনো ছাড় দিতে অপারগতা প্রকাশ করছেন বিক্রেতা মো. জনি। তিনি বলেন, লাভের পরিমাণ কমে গেছে। কখনো কখনো লোকসান দিয়েই ব্যবসা করতে হচ্ছে। কারণ ব্যবসাটা চালিয়ে যেতে হবে। হাটে একেকটি গরুতে অন্তত ৮ থেকে ১০ হাজার টাকা বেশি দাম দিতে হচ্ছে বলেও তিনি জানান।

অন্য বাজারের তুলনায় ৩০ থেকে ৫০ টাকা কম দামে মাংস কীভাবে বিক্রি করছেন, জানতে চাইলে মো. জনি বলেন, ‘বিক্রির জন্য নিজেরা চার–পাঁচটা গরু জবাই করি। তাই কম দামে বেচতে পারছি।’ যাঁরা একটি গরু জবাই করে কিংবা মাংস কিনে বিক্রি করেন, তাঁরা এই দামে বিক্রি করতে পারবেন না বলেও দাবি করেন এই বিক্রেতা।

মোহাম্মদপুরের কাঁটাসুর বাজারের আল মদিনা মাংস বিতানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬২০ টাকায়। কৃষি মার্কেটের চেয়ে প্রতি কেজিতে ২০ টাকা বেশি দামে বিক্রির বিষয়ে বিক্রেতা মো. মুরাদ প্রথম আলোকে বলেন, হাটে গরুর দাম অনেক বেশি। অন্যদিকে বাজারে মাংসের ক্রেতা আগের চেয়ে অনেক কমে গেছে। অনেক নিয়মিত ক্রেতা পরিমাণে কম নিচ্ছেন। সব মিলিয়ে কেজিপ্রতি ৬২০ টাকায় না বেচলে লোকসান হয়। তবে অনেক জায়গায় সাড়ে ৬০০ টাকা কেজি দরেও মাংস বিক্রি হয় বলে তিনি জানান।

এ মাংস বিক্রেতার কথার সত্যতা মিলল মোহাম্মদপুরের টাউন হল বাজারে গিয়ে। এই বাজারে প্রতিকেজি গরু মাংস ৬৫০ টাকা দরে বিক্রি করছিলেন বিক্রেতারা। তবে পরিচিত ক্রেতা এলে কিংবা পরিমাণে বেশি কেজিতে ৫ থেকে ১০ টাকা ছাড় দিয়ে বিক্রি করছিলেন অনেকেই।

এ বাজারের গরুর মাংস বিতান নামের একটি মাংসের দোকানে ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয়। দোকানমালিক মো. ইউসুফের দাবি, অনেকে গাভী জবাই করেন। যা ষাঁড়ের মাংস বলে ক্রেতাদের বিক্রি করা হয়। যে কারণে একটু কমে বিক্রি করতে পারেন। কিন্তু আমার দোকানে শুধু ষাঁড় জবাই করা হয়। তাই দাম অন্য বাজার থেকে বেশি। তিনি আরও বলেন, একদিকে বাজারে প্রতিটি গরুতে দাম চার থেকে পাঁচ হাজার টাকা বেড়ে গেছে। অন্যদিকে মাংস বিক্রির পরিমাণ কমে গেছে। পাঁচ থেকে ছয় মাস আগেও প্রতি শুক্রবার তিনটি ষাঁড় ও অন্যান্য দিন দুটি করে জবাই দিতেন। কিন্তু সব দিনই এখন একটি ষাঁড় জবাই করেন। কখনো কারও অর্ডার থাকলে দুটি ষাঁড় জবাই করা হয়।

খাসির মাংস ৯০০, ছাগল ৭৫০ টাকা

এ ছাড়া বাজারে খাসির মাংস কেজিপ্রতি ৯০০ ও ছাগলের মাংস ৭৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। কয়েক মাস আগেও ৮৫০ টাকা কেজি দরে বাজারে খাসির মাংস কিনতে পাওয়া যেত। হাটের বাড়তি দামের কারণেই খাসির মাংসের দাম বেড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে এর পাশাপাশি বিক্রি কমে যাওয়াটাকেও কারণ হিসেবে বলছেন কয়েকজন মাংস বিক্রেতা।

কৃষি মার্কেট বাজারের খাসি মাংস বিক্রেতা মো. দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, ছাগল ও খাসি মিলিয়ে চার মাস আগেও প্রতিদিন ৪০ থেকে ৫০টা জবাই করা হতো। আর এখন বড়জোর ১৫ থেকে ২০টি জবাই করা হয়। তিনি আরও বলেন, নিয়মিত ক্রেতাদের অনেকে এখন মাংস কিনছেন না। হোটেলমালিকেরাও পরিমাণে কম নিচ্ছেন। সব মিলিয়ে ব্যবসা মন্দা যাচ্ছে।
ব্রয়লার ও ককের দাম আগের মতোই

অন্যদিকে বাজারে ব্রয়লার ও সোনালিকা (কক) মুরগির দামে কোনো পরিবর্তন নেই। গত সপ্তাহের মতো, এ সপ্তাহেও প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৬৫ টাকা এবং সোনালিকা মুরগি ২৭৫ থেকে ২৮০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। কাঁটাসুর বাজারের মুরগি বিক্রেতা আমানত আলী প্রথম আলোকে বলেন, বাজারে সবকিছুর দাম বাড়ছে। মুরগির দামও কমার সম্ভাবনা নেই।

বাজারে মাছের দামও কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ওই তিন বাজারে পাঙাশ মাছ কেজিপ্রতি (আকারভেদে) ১৬০ থেকে ১৮০ টাকা, রুই, কাতল, মৃগেল ও কালবাউশ (মাঝারি) ২৮০ থেকে ৩২০ টাকা, তেলাপিয়া (মরা) ১৫০ থেকে ১৬০ টাকা, তাজা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এ ছাড়া কুচো চিংড়ি ৬০০ থেকে ৬৫০ টাকা, শোল ৩৫০ টাকা, কই ৩০০ টাকা, শিং ৫৫০ থেকে ৬০০ টাকা, মাগুর ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি করা হয়। ৮০০ থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ প্রতিটি ৯০০ থেকে ১০০০ টাকা দাম চাইছেন বিক্রেতারা।