২০ এপ্রিল থেকে বেকার নার্সদের অনির্দিষ্টকালের বিক্ষোভ
নার্স নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন না হলে ২০ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে সেবা পরিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল অবস্থান ধর্মঘট থেকে সংগঠনটির নেতারা জানান, দাবি আদায় না হলে ২০ এপ্রিল থেকে প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি এবং প্রতিদিন বেলা তিনটা থেকে বিক্ষোভ মিছিল হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান সংগঠনের নেতারা।নেতারা জানান, ২০০৯ সালের ১৯ জুন নার্সদের স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানসহ বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, শূন্যপদগুলোসহ আরও পাঁচ হাজার নতুন সরকারি পদে ডিপ্লোমা ডিগ্রিধারী নার্স নিয়োগ দেওয়া হবে। পরবর্তী সময়ে ২০১২ সালে আন্দোলনের মুখে স্বাস্থ্যমন্ত্রী ‘এক মাসের মধ্যে’ নার্স নিয়োগের আশ্বাস দেন। কিন্তু আজও প্রধানমন্ত্রীর সেই ঘোষণা কিংবা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস বাস্তবায়িত হয়নি। নেতারা আরও জানান, সাম্প্রতিক সময়ে সেবা পরিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কিছু আমলা ও কর্মকর্তা মিলে অর্থের বিনিময়ে নার্স নিয়োগ-প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছেন।সংগঠনের দাবি, সব শূন্যপদ এবং আরও নতুন পাঁচ হাজার পদে নার্স নিয়োগ যথাসময়ে না হওয়ায় সাড়ে তিন হাজার নার্সের বয়সসীমা অতিক্রম করেছে। তাই নতুন নিয়োগ বাতিল করে আগের মতো বয়সসীমা ৩৬ বছর নির্ধারণ করে দ্রুত ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা অনুসারে নিয়োগের দাবি জানান নেতারা।