রাজধানীতে অর্পিত সম্পত্তি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় এই অভিযান পরিচালিত হয়।আদালত সূত্রে জানা গেছে, গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে ৯১ শতাংশ অর্পিত সম্পত্তি মফিজ গং নিজেদের নামে সাইনবোর্ড টাঙিয়ে দখলে নেন। খবর পেয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত দুপুরে অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করেন। আদালত জমির প্রধান ফটক তালাবদ্ধ করে সিলগালা করেন এবং দখলকারীদের বিরুদ্ধে মামলা করার জন্য গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনেন্দ্র নাথ সরকার প্রথম আলোকে বলেন, ‘জমিটি বাবুল মিস্ত্রিসহ কয়েকজনকে ইজারা দেওয়া হয়। সম্প্রতি একটি চক্র জমিটি দখলের উদ্দেশ্যে নিজেদের নামে একটি সাইনবোর্ড টাঙায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হয়। উদ্ধার করা জমির আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।’ গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সতীশ সরকার রোডে অর্পিত সম্পত্তি জেলা প্রশাসন দখলে নেয়। গতকাল ভ্রাম্যমাণ আদালত জবরদখলকারীদের সাইনবোর্ড খুলে দখলে নেন। আদালতের নির্দেশে থানায় মফিজ গংদের নামে মামলা হয়েছে। তবে ওই জমিতে পুলিশ অনেকবার গেলেও জবরদখলকারীদের খুঁজে পাওয়া যায়নি।’ বেকারিকে জরিমানা: একই আদালত রাজধানীর মীরহাজিরবাগের এশিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারিতে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে পাউরুটি, বিস্কুট ও কেক তৈরি এবং বাজারজাত করে আসছিল। এ ছাড়া লাড্ডু তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করছিল। এ জন্য আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন। অভিযানে সহায়তা করেন জেলা প্রশাসকের অর্পিত শাখার কর্মকর্তা-কর্মচারী, বিএসটিআই ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।