২০ থেকে ১০-এ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
এক বছরেই বোর্ডের ২০ নম্বর স্থান থেকে লাফিয়ে আবার সেরা ১০-এ চলে এসেছে ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। দশম স্থান পাওয়া কলেজটির পাসের হার শতভাগ। এ বিরাট সাফল্যে শিক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকেরা সবাই খুশি। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ২৬৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৯৬ জন। বিজ্ঞান শাখায় ৭২ জনের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছেন। বাণিজ্য শাখায় ১৪৯ জনের মধ্যে ১১৯ জন এবং মানবিক শাখায় ৪৪ জনের মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছেন। পরীক্ষার ফলাফলে দারুণ খুশি অধ্যক্ষ মাহ্বুবুর রহমান মোল্লা। তিনি গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই এটি সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে থাকে। কিন্তু গত বছর অবস্থান পেছনে চলে যাওয়ায় ফলাফল ভালো করার জন্য সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানমুখী করে লেখাপড়ায় মনোযোগী করার চেষ্টা চালানো হয়েছে। নির্বাচনী পরীক্ষার পরও বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।’ এবার পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে শিক্ষাপ্রতিষ্ঠানের যে তালিকা করা হয়েছে, তাতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ৮৩ দশমিক ৯৩ পয়েন্ট পেয়েছে।২০০৩ সালে প্রতিষ্ঠার পর ২০০৫ সালে প্রথম এইচএসসি পরীক্ষায় অংশ নেয় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।