২০ প্রকৌশলীকে জাল ভিসা, তিন প্রতারক গ্রেপ্তার
সিঙ্গাপুরে লোক পাঠানোর নামে ২০ প্রকৌশলীর হাতে জাল ভিসা ধরিয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর বারিধারা এলাকা থেকে গত শনিবার তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মারিয়া কমিউনিকেশন্স নামে এক প্রতিষ্ঠানের পরিচালক আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক হাবিবুর রহমান ও একই প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা রাশেদ হোসাইন। প্রতারণার শিকার প্রকৌশলী নাসিরউদ্দিন আখন্দ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দেড় মাস আগে বারিধারার মারিয়া কমিউনিকেশন্স নামে একটি প্রতিষ্ঠান সিঙ্গাপুরে ২০ জন প্রকৌশলীকে চাকরিতে পাঠানোর নাম করে ইন্টারনেটে বিজ্ঞাপন দেয়। ৬০ জন প্রকৌশলী এতে আবেদন করেন। এঁদের মধ্যে ২০ জন প্রকৌশলীকে তারা বাছাই করে তাঁদের কাছ থেকে পৌনে নয় লাখ টাকা আদায় করে। এরপর কথামতো গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি ২০ প্রকৌশলীর হাতে ভিসা ধরিয়ে দেয়। তিনি বলেন, সন্দেহ হওয়ায় তাঁরা ভিসা পরীক্ষা করে জানতে পারেন সবকিছুই ভুয়া। এরপর তাঁরা ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে গতকাল বিকেলে পুলিশ ওই প্রতিষ্ঠানে গিয়ে তিনজনকে আটক করে।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন প্রথম আলোকে জানান, গতকাল বিকেলে প্রতারণার শিকার প্রকৌশলী মোজাম্মেল হক বাদী হয়ে গুলশান থানায় প্রতারণার মামলা করেন। এ মামলায় আটক আমিনুল, হাবিবুর ও রাশেদকে গ্রেপ্তার দেখানো হয়। আজ সোমবার তাঁদের মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে। প্রতারণার শিকার প্রকৌশলীরা জানান, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে তাঁরা চাকরি করতেন। সিঙ্গাপুরে মাসিক এক লাখ ২০ হাজার টাকা বেতনের লোভে সম্প্রতি তাঁরা চাকরি ছেড়ে দিয়েছেন।