২০ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত শনিবার ২০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর৷
চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে রয়েল রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে রানা ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বংশাল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ক্যাফে রাজধানীকে ১০ হাজার টাকা, নিউ ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ও মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে যথাক্রমে ২২ হাজার ও ৪০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে মতিঝিলে এশিয়া গার্ডেন রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং আল ইমরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
রমনা ও পল্টন এলাকায় পণ্যের মোড়কে এমআরপি না লেখার অপরাধে মুসলিম সুইটসকে পাঁচ হাজার টাকা, বেশি দামে পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে সিগাল হোটেলকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে দ্য সান রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, বংশাল ও ওয়ারী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে হোটেল আরাফাত রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, শাহ চন্দ্রপুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, রওশন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মেসার্স মোস্তফা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।