২০ বছর ধরে তৈরি হচ্ছে এক মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর–১১ নম্বরে নিউ ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটের নির্মাণকাজ ২০ বছর ধরে আটকে আছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
মিরপুর–১১ নম্বরে নিউ ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটের নির্মাণকাজ ২০ বছর ধরে আটকে আছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটের নির্মাণকাজ ২০ বছরেও শেষ হয়নি। তবে মার্কেট না হলেও দোকান বরাদ্দের নামে ১৪ কোটি টাকা তোলা হয়ে গেছে। সময়মতো মার্কেট না হওয়ায় অনেক জায়গা ইতিমধ্যে দখল হয়ে গেছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের বাজার সার্কেল বিভাগ ১৯৯৬ সালে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনে নিউ ঢাকা সিটি করপোরেশন মার্কেটের নির্মাণকাজ শুরু করেছিল। গণপূর্ত বিভাগ সিটি করপোরেশনকে এ জন্য ছয় বিঘা জায়গা দেয়। নকশা অনুযায়ী জমির ওপরে ছয়তলা মার্কেট ভবন নির্মাণ হওয়ার কথা। জায়গাটির সামনের দিকের একটি অংশে আছে আটকে পড়া পাকিস্তানিদের কিছু পরিবার। তাই নকশার এ অংশ বাদ রেখে এবং কোনো রকম সীমানা প্রাচীর না তুলে মার্কেটের নির্মাণকাজ শুরু করা হয়। তবে নির্মাণকাজ চলার একপর্যায়ে ঠিকাদারদের সঙ্গে সিটি করপোরেশনের বিরোধ দেখা দিলে ১৯৯৮ সালে মার্কেটটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। ওই সময় পর্যন্ত ভবনের ভূগর্ভস্থ তলা (বেসমেন্ট) ও প্রথম তলার কাজ হয়েছিল। ২০০৫ সালে পুনরায় নির্মাণকাজ শুরু হয়। ছয়তলা ভবনের কাঠামো নির্মিত হয়। কিন্তু চারপাশের দেয়াল নির্মাণ এবং আনুষঙ্গিক অন্যান্য কাজ বাদ রেখেই ২০০৭ সালে আবার নির্মাণকাজ বন্ধ করে দেয় সিটি করপোরেশন। ঠিকাদারেরা অতিরিক্ত অর্থ দাবি করায় কাজ বন্ধ হয়ে যায় বলে সিটি করপোরেশন সূত্রে জানা যায়।
এরপর প্রায় আট বছর ধরে মার্কেটটি সেভাবেই ফেলে রাখা হয়েছে। ২০১১ সালে সিটি করপোরেশন বিভক্ত হলে মার্কেটের দায়িত্ব পায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মার্কেটের নতুন নাম হয় নিউ ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেট। ডিএনসিসি তার ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল বিভাগের মাধ্যমে মার্কেটের অসমাপ্ত কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পাঁচ বছরেও মার্কেটের নির্মাণকাজ পুনরায় শুরু করতে পারেনি ওই সার্কেল। তবে ২০১৫ সালের শেষে মার্কেটের চারপাশে সীমানা দেয়াল তোলার কাজ শুরু হয়।
মার্কেটের মোট দোকানের সংখ্যা ২ হাজার ৩৬৩টি। ডিএনসিসির রাজস্ব বিভাগের হিসাব অনুযায়ী, মার্কেটে দোকান বরাদ্দ পাওয়াদের কাছ থেকে সিটি করপোরেশন মোট ১৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা সালামি আদায় করেছে। এর মধ্যে অবিভক্ত সিটি করপোরেশন আদায় করেছিল ১২ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা আর ডিএনসিসি আদায় করেছে ১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।
সরেজমিনে দেখা যায়, মার্কেটের পশ্চিম পাশের জায়গায় বস্তিঘর ও দোকানপাট গড়ে উঠেছে। মার্কেট ভবনের নিচতলায় টিনের বেড়া দিয়ে ঘরের মতো বানিয়ে লোকজন থাকছে। মার্কেটের সীমানা দেয়াল তৈরির কাজ শুরু হলেও এর ভেতরে আছে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি ইউনিটের কার্যালয় এবং ছিন্নমূল হকার্স লীগের পল্লবী ইউনিটের কার্যালয়।
মার্কেট নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ডিএনসিসির একজন প্রকৌশলী নাম না প্রকাশের শর্তে বলেন, ‘শুরুর দিকে মার্কেট নির্মাণের যে পরিকল্পনা করা হয়েছিল, তা ঠিক হয়নি। বর্তমানে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদেরই পুরো দায় নয়।
সিটি করপোরেশনের এই মার্কেটটিতে মিরপুর-১১ নম্বর সেকশনের অস্থায়ী নিউ সোসাইটি মার্কেটের দোকানদারদের স্থায়ীভাবে পুনর্বাসন করার কথা। নিউ সোসাইটি মার্কেটের দোকানদারদের দুটি সমিতির মাধ্যমে দোকান বরাদ্দের জন্য সিটি করপোরেশনের কাছে আবেদন করা হয়।
নিউ সোসাইটি মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সানাউল্লাহ খান বলেন, ‘পুরো জায়গা বুঝে নিয়ে প্রথমেই বাউন্ডারি দিলে আর সমস্যা হতো না। তিনি বলেন, যাঁরা টাকা দিয়েছেন তাঁদের অনেকেই মারা গেছেন। অনেক দোকানদার ধারকর্জ করে টাকা দিয়েছেন, তাঁরা বিপদে আছেন। ৮-১০ বছর হয়েছে টাকা দিয়েছেন, এখন সবার মনে প্রশ্ন, আদৌ মার্কেট হবে কি না।’
তবে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মার্কেটের পুরো জায়গা দখলমুক্ত করা সম্ভব না হওয়ায় এবং এ বিষয়ে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ শেষ হচ্ছে না। তিনি বলেন, ডিএনসিসির মেয়র আনিসুল হক ইতিমধ্যে একাধিকবার মার্কেট এলাকা পরিদর্শন করেছেন। তিনি মার্কেট নির্মাণকাজ দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন। শিগগিরই মার্কেটের নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।
১১ নম্বর সেকশন মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির এম এ মালেক বলেন, ‘এভাবেই ২০ বছর পার হয়ে গেছে, কাজ আর শেষ হয় না। এখন দোকানদারেরা বলতে শুরু করেছেন—আমরা দোকান পাব না, আমাদের নাতিরা পাবে।’