
পুরান ঢাকায় সকালে হাঁটাহাঁটি ও ব্যায়াম করার মতো ফাঁকা মাঠ বা পার্ক নেই বললেই চলে। সেখানে নদীতীরের খোলামেলা পরিবেশ আর নির্মল বাতাসে হাঁটাহাঁটির সুযোগ রয়েছে। ২০ বছর ধরে সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন রিভারসাইড মর্নিং ওয়াকার গ্রুপের (আরএমজি) সদস্যরা। বুড়িগঙ্গার তীরে দলবেঁধে হাঁটছেন ও ব্যায়াম করছেন তাঁরা।
১৯৯৭ সাল থেকে আরএমজির সদস্যরা বুড়িগঙ্গার তীরে অবস্থিত মিলব্যারাক পুলিশ লাইনের পেছনের রাস্তার সেতুর ওপর অথবা জেটির ওপর ব্যায়াম ও হাঁটাহাঁটি করেন। প্রতিদিন সকাল ছয়টার দিকে দলটির সদস্যরা একত্র হয়ে প্রথমে ৩০-৪০ মিনিট হাঁটেন। তারপর সবাই মিলে ২০-২৫ রকমের হালকা শারীরিক কসরত করেন। এই কসরত চলে সকাল সোয়া সাতটা পর্যন্ত।
দলটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সদরুদ্দিন বাবুল প্রথম আলোকে বলেন, ‘এলাকার ১৫-১৬ জন মিলে ১৯৯৭ সালে হাঁটাহাঁটি শুরু করলাম। অনেকের ডায়াবেটিস ছিল। নদীর তীরে হাঁটতে ভালো লাগে। আস্তে আস্তে সদস্য বাড়তে থাকে। আবার অনেক সদস্য চলেও গেছে। এখন দলের সদস্যসংখ্যা ৫০-এর কাছাকাছি।’
দলে নানান বয়সী সদস্য আছেন। কেউ চাকরিজীবী, কেউ নিয়েছেন অবসর, কেউবা চাকরিতে যোগদানের অপেক্ষায়। সকাল হলেই যে যাঁর বাড়ি থেকে বেরিয়ে পড়েন বুড়িগঙ্গার তীরে নির্মল বাতাসে একটু ব্যায়াম আর হাঁটাহাঁটি করতে। কেউ একা আসেন, আবার কেউ সস্ত্রীক, পরিবারের সদস্যদেরও নিয়ে আসেন কয়েকজন।
গত শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, দলের সদস্যরা একে একে মিলব্যারাক পুলিশ লাইনের পেছনের রাস্তার সেতুর কাছে একত্র হচ্ছেন। হাঁটাহাঁটির পর শুরু করলেন শারীরিক কসরত। প্রায় ৩০ মিনিট চলল এই কসরত। দলে মধ্যবয়সীদের সংখ্যাই বেশি।
একসঙ্গে ব্যায়াম আর হাঁটাহাঁটি করতে করতে দলের সদস্যদের মধ্যে গড়ে উঠেছে সখ্য। এখন প্রতি শুক্রবার একজন সদস্য দলের সবার নাশতা খাওয়ার ব্যবস্থা করেন। সুযোগ পেলে দলের সদস্যরা মিলে ঘুরে আসেন ঢাকার বাইরে থেকেও। ইতিমধ্যে বান্দরবান, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুরসহ বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন সবাই মিলে।
সদরুদ্দিন বলেন, নদীতীরের নির্মল বাতাস। খোলামেলা পরিবেশে হাঁটলে, ব্যায়াম করলে শান্তি লাগে। সদস্যদের অনেকেই উচ্চরক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগে ভুগছেন। পুরান ঢাকায় সকালবেলা হাঁটাহাঁটি বা ব্যায়াম করার ফাঁকা মাঠ বা পার্ক কম। এই জায়গাটি যদি আরেকটু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে আরও ভালো হয়।