২০ বছর পূর্তিতে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদ এলাকার আর কে চৌধুরী ডিগ্রি কলেজের ২০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার কলেজ চত্বরে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রায় দিনভর স্মৃতিচারণা, গান আর আড্ডার এ মিলনমেলায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। পয়লা ফাল্গুনে আয়োজিত এ অনুষ্ঠানে রং-বেরঙের পোশাক পরে সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা যোগ দেন।অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী, স্থপতি ইয়াফেস ওসমান শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। কলেজের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা আর কে চৌধুরী বলেন, ‘কলেজের ২০ বছর পূর্ণ হওয়ার অনুষ্ঠানে যোগ দিতে পারার বিষয়টি শেষ জীবনে একটি বড় পাওয়া।’ অনুষ্ঠানে দুজন সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও মো. নজরুল ইসলাম বক্তব্য দেন। সভাপতিত্ব করেন কলেজের প্রাক্তন ছাত্র কৌশিক আহমেদ। এ সময় কলেজের অধ্যক্ষ মো. ইসতারুল হকসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের গান ভিন্ন মাত্রা দেয়। এ ছাড়া চ্যানেল আই সেরা কণ্ঠ ইমরান, রিংকু, ঝিলিকসহ কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।