২০ রোজার আগেই তৈরি পোশাক, চাতাল, নির্মাণসহ ব্যক্তিমালিকানাধীন সব শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। একই সঙ্গে শ্রম আইন ২০০৬ সংশোধনসহ স্কপের নয় দফা বাস্তবায়নেরও দাবি জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে স্কপের নেতারা এ দাবি জানান। এ সময় স্কপের নেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন।ঘোষণাপত্রে বলা হয়, প্রতিবারই দেখা যায়, ঈদের আগে শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা ও উৎসব বোনাস প্রদানে অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক গড়িমসি করেন। এমনকি অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন-বোনাসও দেওয়া হয় না। ফলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয় এবং শিল্প এলাকায় অস্থিরতা দেখা দেয়। এ জন্য পরে শ্রমিকদেরই দায়ী করা হয়, যা সঠিক নয়।ঘোষণাপত্রে আরও বলা হয়, কোনো শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন, সে জন্য ২০ রোজার আগেই তাঁদের বেতন-ভাতা পরিশোধের জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হচ্ছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকেও যথাসময়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও যদি কোনো শিল্পপ্রতিষ্ঠানে বেতন-ভাতা ও উৎসব বোনাস দেওয়া না হয়, তাহলে উদ্ভূত পরিস্থিতির জন্য মালিক কর্তৃপক্ষই দায়ী থাকবে।কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক সফিউদ্দিন আহমেদ, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরুল আমিন, বাংলাদেশ লেবার ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী প্রমুখ। এ সময় স্কপের নেতা সহিদুল্লাহ চৌধুরী, লুৎফর রহমান, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।