পরিবেশ আইন লঙ্ঘন করায় রাজধানীর ভবন নির্মাণকারী দুটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ট্রপিক্যাল হোমস লিমিটেড এবং মল্লিক হাউজিং (প্রা.) লিমিটেড নামের ওই দুটি প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণের কোনো পরিবেশ ছাড়পত্র নেয়নি। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, ভবনের খোলা জায়গায় গাছপালা রোপণ, নিজস্ব স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করেনি। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার মিরপুর-১ নম্বর এলাকায় নির্মাণাধীন দুটি ভবন পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শনে তিনি জানতে পারেন, ট্রপিক্যাল হোমস লিমিটেডের নির্মিত ১৩ তলা ও মল্লিক হাউজিং (প্রা.) লিমিটেডের নির্মিত ১৪ তলা ভবনের কোনো পরিবেশ ছাড়পত্র নেই। পরিবেশ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় ট্রপিক্যাল হোমসকে নয় লাখ ৩০ হাজার এবং মল্লিক হাউজিংকে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, ‘ইতিমধ্যে ঢাকা মহানগরকে বিশ্বের নিকৃষ্টতম নগর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবাসন কোম্পানিগুলোর অপরিণামদর্শী কার্যকলাপ, অর্থলোভ ও নাগরিকদের অসচেতনতাই এ জন্য দায়ী। আইন অমান্যতার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া এই অবস্থা থেকে উত্তরণের বিকল্প নেই।’