সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ গতকাল মঙ্গলবার শিশুদের জীবনমান উন্নয়নবিষয়ক একটি প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে ২০টি জেলার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে এ-সংক্রান্ত কাজে জেলা প্রশাসকদের সার্বিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।‘চাইল্ড সেনসেটিভ স্যোশাল প্রটেকশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদপ্তর। এ প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশু, পথশিশুসহ বিভিন্ন শ্রেণীর শিশুর জীবনমান উন্নয়ন, ছয়টি সরকারি শিশু পরিবার, তিনটি কিশোর উন্নয়ন কেন্দ্রের পরিবেশকে শিশুবান্ধব করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী ও সমাজকল্যাণসচিব রণজিৎ কুমার বিশ্বাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন। প্রকল্পের আওতায় ২০টি জেলার ইউনিয়ন সমাজকর্মীদের মৌলিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো। ২০টি জেলার জেলা প্রশাসক, জেলাগুলোর ৬০০ ইউনিয়ন সমাজকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ জেলা সদরে অবস্থান করে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও অধিদপ্তরের এ ধরনের কনফারেন্সের আয়োজন এটাই প্রথম।সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, আলাদাভাবে ২০টি জেলায় গিয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে অনেক সময় লাগত। ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমে এ মন্ত্রণালয়ও পিছিয়ে নেই—তা-ও এ অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করা গেল।অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষা বিভাগের প্রধান রোজ অ্যানে পাপাভেরো বলেন, বাংলাদেশ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) বিভিন্ন লক্ষ্যপূরণেই এগিয়ে আছে। তবে চা-বাগানের শিশু, পথশিশুসহ সব ধরনের শিশুর মধ্যে সমতা আনতে না পারলে অনেক অর্জনই শেষ পর্যন্ত বিফলে যাবে। সেদিক থেকে ইউনিসেফের সহায়তায় যে প্রকল্পটি শুরু হলো, তা অনেক গুরুত্বপূর্ণ।প্রকল্পের পরিচালক ওমর ফারুক জানান, প্রকল্পটি ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।