২০০৮ ও ২০০৯ সালে ইউজিসি পুরস্কার পেলেন ১৮ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষককে ইউজিসি পুরস্কার দেওয়া হয়েছে। ২০০৮ ও ২০০৯ সালে প্রকাশিত মৌলিক গবেষণা প্রবন্ধ ও পুস্তকের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই পুরস্কার দিয়েছে।গতকাল ইউজিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আওয়ার্ড দেওয়া হয়। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান। ২০০৮ সালের পুরস্কার পাওয়া শিক্ষকেরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অসিত রায় ও প্রণব কুমার পান্ডে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ কামরুল হুদা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. জসিম উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. তোফাজ্জল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এ মামুন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মো. আলী আহম্মদ শওকত চৌধুরী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. আবদুস সামাদ। ২০০৯ সালের পুরস্কার পাওয়া শিক্ষকেরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিদওয়ানুল হক, এম আতাহারুল ইসলাম (উভয় ক্ষেত্র), মো. আনোয়ার হোসেন ও দিবা হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়ন চক্রবর্তী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এম এনামউল্যা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খান মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ নাছির উদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খায়রুল আলম।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, উচ্চশিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নের জন্য গবেষণা খুবই জরুরি। গবেষণার মাধ্যমে জ্ঞান আহরণে আরও মনোযোগী হতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ইউজিসির সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কমিশন ১৯৮০ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ৭৪ জন প্রথিতযশা গবেষককে ইউজিসি পুরস্কার দিয়েছে।