আগামী ২০১৬ সালের মধ্যে শিশুশ্রম নিরসনের লক্ষ্য বাস্তবায়ন করতে সবার আগে দরিদ্র শিশুদের জীবিকার ব্যবস্থা নিশ্চিত করা দরকার। পাশাপাশি শিশুদের নিয়োগ না দেওয়ার জন্য সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। গতকাল শনিবার নবম শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ‘শিশুশ্রম দূরীকরণে জাতীয় নীতি ও পরবর্তী পদক্ষেপসমূহ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয় রাজধানীর বিয়াম মিলনায়তনে। ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এ সেমিনার থেকে দেশব্যাপী প্রচারণা অভিযানের ঘোষণাও দেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন (আইএলও) যৌথ উদ্যোগে সেমিনারটির আয়োজন করে। শিশুশ্রম প্রতিরোধ দিবসের এবারের প্রতিপাদ্য ‘২০১৬ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন।’ অনুষ্ঠানের শুরুতে আইএলও প্রতিনিধি গগন রাজভাণ্ডারি বাংলাদেশে শিশুশ্রমিকের সংখ্যা ও তাদের মধ্যে কতজন ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে সম্পৃক্ত তা তুলে ধরেন। ২০০৩ সালের সর্বশেষ জরিপ মতে, দেশে ৭২ লাখ শিশুশ্রমিক ছিল বলে তিনি উল্লেখ করেন। গগন রাজভাণ্ডারি বলেন, পরবর্তী সাত বছরে শিশুশ্রমিকের সংখ্যা কত হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট জরিপের ব্যবস্থার কথা ভাবছেন তাঁরা।আলোচনাকালে সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফ ও আইএলও কর্মকর্তারা তাঁদের নিজেদের এবং গত দুই বছরে সরকারের নেওয়া কর্মসূচি তুলে ধরে এগুলোর বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে বক্তারা অভিমত দেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে আগামী ২০১৬ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন করতে হলে শিশুদের ওপর থেকে অর্থনৈতিক বোঝা তুলে নেওয়া প্রয়োজন। আয়োজকেরা বলেন, ২০১৫ সালের মধ্যে শিশুশ্রম বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হলেও সেদিকে খুব বেশি এগোনো সম্ভব হয়নি বলে এক বছর বাড়িয়ে সেটা ২০১৬ নির্ধারিত হয়েছে। তাঁরা বলেন, এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবগুলো গোষ্ঠীর মধ্যে সমন্বয় জরুরি। প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, শিশুশ্রম অবসানের জন্য সবার আগে প্রয়োজন দারিদ্র্য চিহ্নিতকরণ ও সবার জন্য শিক্ষা কর্মসূচি কার্যকর করে তোলা। মন্ত্রী এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেশব্যাপী প্রচারণা অভিযান উদ্বোধন করেন।