২১ প্রতিষ্ঠানকে জরিমানা দুই লাখ ৮৭ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, অননুমোদিত ওজনযন্ত্র ব্যবহার, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রিসহ নানা অপরাধে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ২১টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করেছেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিএসটিআইয়ের অভিযান: রমজান মাস উপলক্ষে বিএসটিআইয়ের ভেজালবিরোধী কর্মসূচির অংশ হিসেবে তিনটি ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালান। একটি ভ্রাম্যমাণ আদালত কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদে হাবিবা ফুড প্রডাক্টসে অভিযান চালান। এই প্রতিষ্ঠানটি কর্ণফুলী ব্র্যান্ডের লাচ্ছা সেমাই উৎপাদন করে। এই ব্র্যান্ডের লাইসেন্সের মেয়াদ শেষে আর নবায়ন করা হয়নি। প্রতিষ্ঠানটি একই সঙ্গে এসিআই পিওর ব্র্যান্ডের লাচ্ছা সেমাই মোড়কজাত করে খুব নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে। ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রাজু আহম্মেদকে তিন মাসের কারাদণ্ড দেন। একটি নামকরা ব্র্যান্ডের পণ্য হওয়া সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্য মোড়কজাত করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক হাজি মো. নাসিরউদ্দিন ও এসিআই পিওর ফ্লাওয়ারের পরিচালকের (ব্যবসা) বিরুদ্ধে মামলা করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত কলেজ রোডের সাদমান বেভারেজ অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি মধুবন, শাহজাদী, ময়ূর, কুলসুম প্রভৃতি ব্র্যান্ডের নকল লাচ্ছা সেমাই তৈরি করায় প্রতিষ্ঠানের মালিক মো. আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে সিলগালা করে দেন প্রতিষ্ঠানটি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ। অন্য দুটি ভ্রাম্যমাণ আদালত নর্থ সাউথ রোডের আল-রাজ্জাক বেকারি অ্যান্ড কনফেকশনারির বিস্কুট ও কেক মানসম্মত না হওয়ায় ১০ হাজার টাকা, আল-রাজ্জাক রেস্টুরেন্ট ও আল-রাজ্জাক সুইটমিটের ওজনযন্ত্র অনুমোদিত না হওয়ায় পাঁচ হাজার টাকা করে এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মিষ্টি দই উৎপাদন ও বিক্রি করায় নর্থ সাউথ রোডের মাজহার মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করেন। সিদ্দিকবাজারে ক্যাফে বিক্রম হোটেলে বাসি ও নোংরা খাবার বিক্রি এবং দোকানের ওজনযন্ত্র বিএসটিআই অনুমোদিত না হওয়ায় সাত হাজার টাকা, আদি বিক্রমপুর মিষ্টিঘর অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় পাঁচ হাজার টাকা এবং কাঁচা ছানা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের ওজনযন্ত্র অননুমোদিত হওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। খাবারে ভেজাল দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশে ঢাকনা ছাড়া খাবার সংরক্ষণ করায় জনসন রোডের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এক লাখ ২০ হাজার টাকা, ডিসিসি রোডের হোটেল স্টারকে ২০ হাজার টাকা এবং কাপ্তানবাজারের রওশন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ও শহীদ হোসেন চৌধুরী আলাদা আলাদাভাবে ভ্রাম্যমাণ আদালত দুটির নেতৃত্ব দেন। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত মহাখালী কাঁচাবাজারের আমিন স্টোর ও লক্ষ্মীপুর জেনারেল স্টোরে অভিযান চালান। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও ময়দা বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মহাখালী কাঁচাবাজারের এসবি জেনারেল স্টোরে পণ্যের মোড়কের গায়ে খুচরা মূল্য লেখা না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য একটি ভ্রাম্যমাণ আদালত খিলগাঁও তালতলা বাজার ও সংলগ্ন এলাকার পাল্কী স্টোর, অনি-জনি স্টোর, বিগ বাজার ও নিউ সংসার দোকানে অভিযান চালিয়ে পণ্যের মোড়কে খুচরা বিক্রয়মূল্য লেখা না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। একই জায়গায় দুটি মাছ-মাংসের দোকানে বিভিন্ন বাটখারায় নির্ধারিত ওজনের চেয়ে কম থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল করিম শেখ ও মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।