২১ বছর পর প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর স্নাতকের (সম্মান) ফল পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন; অননুমোদিত ছুটিতে থাকার অভিযোগে সেখান থেকেও অব্যাহতি পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর নাম সুরাইয়া জাবীন মাহতাব। তিনি ১৯৮৯ সালে প্রথমবারের মতো স্নাতক (সম্মান) পরীক্ষা দিয়ে তৃতীয় শ্রেণীতে ১৩তম স্থান লাভ করেন। পরে দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন। দ্বিতীয়বারের পরীক্ষা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম না মানায় কর্তৃপক্ষ সহ-উপাচার্যকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং যেকোনো একটি ফল বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সুরাইয়া জাবীন ১৯৮৯ সালের সম্মান পরীক্ষার ফল প্রকাশের ৩ মাস আগে আবার ভর্তি হন। এ কারণে ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে তাঁর অধ্যয়নের সুযোগ থাকা সত্ত্বেও তিনি ওই বর্ষের মিডটার্ম পরীক্ষায় অংশ নেননি। কিন্তু ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। তাঁর ১৯৯০ সালের ফল প্রকাশের সময় ১৯৮৯ সালের সব মিডটার্ম পরীক্ষায় প্রাপ্ত নম্বর নেওয়া হলেও ব্যবহারিক পরীক্ষার নম্বর নেওয়া হয়েছে ১৯৯০ সালের। নিয়ম অনুযায়ী, আগের ফল বহাল রাখার কথা থাকলেও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে তা না করে পরের ফল বহাল রাখা হয়েছে। অর্থাৎ, নম্বর যোগ করার ক্ষেত্রে মিডটার্ম ও ক্লাস টেস্টের বেলায় এক ধরনের, আর ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে অন্য ধরনের নিয়ম অনুসরণ করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হারুণ-অর-রশীদ প্রথম আলোকে বলেন, পরীক্ষার বিধান অনুসরণ না করায় সুরাইয়ার প্রথম ও দ্বিতীয়বারের ফলাফল—দুটিই বহাল রয়েছে। বিধান অনুযায়ী, একই শ্রেণীতে একাধিকবার কেউ পরীক্ষা দিয়ে নিজ উদ্যোগে আগের ফল বাতিল না করলে তাঁর শেষবারের ফল বাতিল হয়। সে হিসেবে সুরাইয়ার আগের ফল তৃতীয় শ্রেণীই বহাল থাকবে বলে জানান তিনি।