
ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৃতীয় পর্বের অভিযান শুরু হয়েছে।
গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই পর্বের অভিযানের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরার ২১টি ভবনে বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। জরিমানা করা হয় সাড়ে নয় লাখ টাকা।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে এই অভিযান শুরু করে রাজউক। এতে প্রথম দফায় ছয় দিনে দুই শতাধিক ভবনে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। দ্বিতীয় দফায় আলাদাভাবে কিছু অভিযান চালানো হলেও গতকাল থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযানের জন্য নতুন একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করে রাজউক।
এ পরিকল্পনায় ১০ দিনে গুলশান, উত্তরা ও ধানমন্ডিতে অভিযান পরিচালনা করা হবে। নির্ধারিত স্থানগুলো হচ্ছে জোন-৪-এর আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও মহাখালী। উত্তরার প্রায় সব কটি সেক্টরে অভিযান চালানো হবে। জসীমউদ্দীন রোড, রবীন্দ্র সরণি, গাউসুল আযম অ্যাভিনিউ, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশের এলাকা, দক্ষিণখান, প্রিয়াঙ্কা সিটি, শাহ মখদুম ও গরিবে নেওয়াজ অ্যাভিনিউ এ তালিকায় রয়েছে।
রাজউকের পরিচালক (প্রশাসন) দুলাল কৃষ্ণ সাহা স্বাক্ষরিত এ তালিকার অন্য জায়গাগুলো হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউ মোড় থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত সড়কের দুই পাশের স্থাপনা। গ্রিন রোড থেকে ফার্মগেট। এলিফ্যান্ট রোডের মস্কো শু মোড় থেকে সুন্দরবন হোটেল হয়ে রাসেল স্কয়ার। সার্ক ফোয়ারা থেকে বিজয় সরণি পর্যন্ত রাস্তার পশ্চিম পাশ এবং ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজা মোড় থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত।
প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বৃহস্পতিবার রাজউকের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করবেন।
গতকাল সোমবার কলাবাগান বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দীন। এদিন জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নানের তত্ত্বাবধানে মোট নয়টি ভবনে অভিযান চালানো হয়। জরিমানা করা হয় সাড়ে ছয় লাখ টাকা। এর মধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ) ভূতলে অফিসকক্ষ ও ক্যাফেটেরিয়া স্থাপনের জন্য ভবনমালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১৫ দিনের মধ্যে সেখান থেকে সব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। কলাবাগানে ৪ নম্বর প্লটে আরেকটি ভবনের নিচতলার পার্কিংয়ের জায়গায় মরণ চাঁদ গ্র্যান্ড সন্স নামের একটি মিষ্টির দোকান এবং লাজ ফার্মা নামের একটি ওষুধের দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এর পাশে আরেকটি ভবনের নিচতলায় একটি বিউটি পারলার সিলগালা করে দেওয়ার পাশাপাশি কুপারস নামের একটি বেকারি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রদর্শিত নকশাটি জাল হওয়ায় সেটিও বাজেয়াপ্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
একই দিনে উত্তরায় ৪, ৬ ও ৮ নম্বর সেক্টরে পরিচালিত অভিযানে তিনটি ভবনের পার্কিংয়ের জায়গা অবমুক্ত করার পাশাপাশি দুটি ভবনের র্যাম্প উচ্ছেদ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
গুলশানের অভিযানে দুটি ভবনের র্যাম্প উচ্ছেদ ও পাঁচটি ভবনের পার্কিংয়ের জায়গা অবমুক্ত করা হয়। জরিমানা করা হয় তিন লাখ টাকা। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়া।
প্রতিটি অভিযানে নিজ নিজ এলাকার অথরাইজড অফিসাররা ছাড়াও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।