২১৫ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল জনতা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ২১৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে জনতা ব্যাংক। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে একাত্তরের বীরযোদ্ধাদের অবিস্মরণীয় জীবনগাঁথা: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মাননা স্মারকগ্রন্থ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আনিসুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একাত্তর সালে যেভাবে বলা হয়েছিল পাকিস্তান না থাকলে ইসলামের অস্তিত্ব থাকবে না, তেমনি তরুণ প্রজন্ম যখন আন্দোলন করে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের চেষ্টা করছে, তখন আস্তিক-নাস্তিক লড়াই বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আনিসুজ্জামান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মানবতাবিরোধী অপরাধীদের বিচার চাই, তবে তাদের শাস্তি নির্ধারণ করে দেওয়ার পক্ষে নই। বিচারকই শাস্তি নির্ধারণ করবেন। বিচার চালিয়ে যেতে হবে। রায়ও কার্যকর করতে হবে। বিরোধী দল বলেছে, তারাও বিচার চায়, ক্ষমতায় গেলে তারা বিচার করবে। অথচ দুবার ক্ষমতায় গিয়েও এ কাজ করেনি, বরং রাজাকারদের দেশের সর্বোচ্চ আসনে বসিয়েছিল। জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এ বি মোহাম্মদ আবদুশ শাকুর ও শাহজাহান সিদ্দিকী, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লে. কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, হেমায়েত উদ্দীন, আনোয়ার হোসেন পাহাড়ী, নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম, হেলালুজ্জামান, জয়নুল আবেদীন, ড. আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।