২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন। দিবস ঘোষণা করে তা মন্ত্রিপরিষদে অনুমোদন এবং গেজেট আকারে প্রকাশের দাবিতে সংগঠনটি গতকাল সোমবার থেকে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে এ অভিযান চলবে।রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নিসচার চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ২০০২ সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এখন দিবসটি জাতীয়ভাবে ঘোষণার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ করা হবে। নিসচার কর্মীরা পান্থপথের বসুন্ধরা শপিংমলসহ দেশের বিভিন্ন জায়গায় গিয়ে স্বাক্ষর সংগ্রহ করবেন। এ ছাড়া নিসচার ঢাকার কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাক্ষর সংগ্রহের কাজ চলবে।১৯৯৩ সালের ২২ অক্টোবর ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন এবং এর একপর্যায়ে নিসচা গঠন করা হয়। সংগঠনটি ১৯৯৮ সাল থেকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে।