২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ নির্ধারণে যোগাযোগ মন্ত্রণালয়ের জনমত যাচাইয়ের উদ্যোগের নিন্দা জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস ঘোষণা না করার জন্য নানা ধরনের হীন উদ্দেশ্যমূলক অপচেষ্টা চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা। যোগাযোগ মন্ত্রণালয়ের জনমত যাচাইয়ের উদ্যোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সেখানে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ একটি মীমাংসিত বিষয়। সরকারিভাবে ২২ অক্টোবরকেই সড়ক দিবস ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা গেজেট প্রকাশের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। এ মুহূর্তে জনমত যাচাইয়ের বিষয়টি আমাদের বিস্মিত করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। এরপর শুরু হয় নিসচার সামাজিক আন্দোলন। সংগঠনটি ১৯৯৮ সাল থেকেই ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছে এবং দিনটি সড়ক দিবস হিসেবে পালন করা শুরু করে। দিনটি আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছেও আবেদনপত্র দেয় সংগঠনটি। লিখিত বক্তব্যে বলা হয়, ২০০২ সালের নভেম্বরে তৎকালীন যোগাযোগমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের অষ্টম সভায় ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। তবে তা গেজেট আকারে প্রকাশের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়েছে। কিন্তু এরই মধ্যে হঠাৎ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ বিভাগ থেকে তাদের ওয়েবসাইটে ২২ অক্টোবরসহ চারটি তারিখ দিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে যেকোনো একটির ব্যাপারে মতামত চাওয়া হয়। একই সঙ্গে একটি নির্দিষ্ট তারিখ দিয়ে বলা হয়েছে, ওই দিনটিকে দিবস হিসেবে ঘোষণার জন্য আন্তমন্ত্রণালয়ের বৈঠকে সুপারিশ করা হয়েছে।ইলিয়াস কাঞ্চন প্রশ্ন রাখেন, বিশ্বের কোথাও কি কোনো দিবস নির্ধারণে এ ধরনের জনমত যাচাই করা হয়েছে। ২২ অক্টোবর ছাড়া বাকি তিনটির ব্যাপারে কেউ কি দাবি জানিয়েছে? তিনি আরও প্রশ্ন রাখেন, আমাদের আন্দোলনের মুখে এবং আদালতের নির্দেশনায় ২৫ হাজার চালককে সুপারিশের ভিত্তিতে লাইসেন্স দেওয়ার যে প্রক্রিয়াটি বাতিল হয়েছে, এ কারণেই কি মহলবিশেষের ক্ষোভ, এই উষ্মা?ইলিয়াস কাঞ্চন বলেন, ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার দাবিতে সংগঠনের পক্ষ থেকে যে গণস্বাক্ষর নেওয়া হয়েছে, তা প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হবে।সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব শামীম আলম, যুগ্ম মহাসচিব সাদেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।