২২ সেপ্টেম্বর ‘বিশ্ব কারমুক্ত দিবস’ পালনের আহ্বান
কাল ২২ সেপ্টেম্বর দেশব্যাপী ‘বিশ্ব কারমুক্ত দিবস’ পালনের আহ্বান জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। সংগঠনের নেতারা বলেছেন, ঢাকায় হেঁটে চলাচলের পথ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বাড়ছে দূষণ, জ্বালানি খরচ ও যানজট। নষ্ট হচ্ছে ব্যাপক কর্মঘণ্টা, যা সামগ্রিক জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই, ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণসহ হাঁটার পথের উন্নয়ন, সাইকেল-রিকশাসহ অযান্ত্রিক যান চলাচলের জন্য লেন, বাসসহ গণপরিবহন-ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে গণমুখী যাতায়াতব্যবস্থা গড়ে তোলা দরকার।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা উপরিউক্ত আহ্বান জানান। সিটিজেনস রাইটস মুভমেন্ট, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিটিজেন রাইটস মুভমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েতুর রহিম।নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদের সঞ্চালনায় সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ রহমান। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান।