২৩ অক্টোবর ইভ টিজিং প্রতিরোধ দিবস ঘোষণার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ২৩ অক্টোবরকে ইভ টিজিং প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে শিক্ষক মিজানুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা এ দাবি জানান।মানববন্ধনে অংশ নিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলিত হন অপরাজেয় বাংলার পাদদেশে। এ সময় তাঁরা ইভ টিজিংবিরোধী প্লাকার্ড বহন করেন। নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা গানে গানে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সবাইকে। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন মানববন্ধনে সভাপতির বক্তব্যে বলেন, ইভ টিজিং প্রতিরোধ করার জন্য ছেলেমেয়েদের মধ্যে সাংস্কৃতিক মিথষ্ক্রিয়া বাড়াতে হবে। রোবায়েত ফেরদৌস বলেন, ইভ টিজিং নারীশিক্ষা ও প্রতিভাকে ধ্বংস করে। তাই এর বিরুদ্ধে সবাইকে এক হতে হবে।এ ছাড়া মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানী, রোবায়েত ফেরদৌস, জোবায়দা নাসরিন, তানিয়া রহমান, ফেরদৌস হোসেন, সোনিয়া তামান্না প্রমুখ। মানববন্ধন থেকে ইভ টিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি মাইক্রোবাসের দাবি করা হয়, যা সার্বক্ষণিকভাবে এই কাজে নিয়োজিত থাকবে।