২৩ জনের টাকা নিয়ে উধাও এক ট্রাভেল এজেন্সির মালিক
চাকরি দিয়ে বিদেশে পাঠানোর কথা বলে ২৩ জনের কাছ থেকে ৬৭ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন রাজধানীর একটি ট্রাভেল এজেন্সির মালিক।গতকাল সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২৩ জন ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।ভুক্তভোগী খলিল তালুকদার বলেন, তাঁরা ২৩ জন ঢাকার কেরানীগঞ্জ ও ফরিদপুরের বাসিন্দা। দুই বছর আগে বিদেশে যাওয়ার জন্য নয়াপল্টনের মিতা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামের একটি এজেন্সিকে মোট ৬৭ লাখ টাকা দেন। এ ব্যাপারে এজেন্সির সঙ্গে চুক্তিনামাও সই হয়। এর কিছুদিন পর এজেন্সি বন্ধ করে মালিক কাজী বিল্লাল পালিয়ে যান।পরে কাজী বিল্লাল নয়াপল্টনের ভিআইপি টাওয়ারের অষ্টমতলায় দ্য বিএইচ ইন্টারন্যাশনাল নামে আরেকটি প্রতিষ্ঠান খোলেন। ভুক্তভোগীরা সেখানে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি তাঁদের চেক দিয়ে বিদায় করে দেন। কিন্তু ওই চেক ছিল ভুয়া। পরে তাঁরা আবার ওই প্রতিষ্ঠানে গেলে তাঁদের মারধর করা হয়। এ ঘটনায় কাজী বিল্লালসহ ওই এজেন্সির কয়েকজনের বিরুদ্ধে পল্টন থানায় তিনটি মামলা হয়।খলিল তালুকদার অভিযোগ করেন, পুলিশ বলছে, আসামিরা পলাতক। তাই গ্রেপ্তার করা যাচ্ছে না। অথচ আসামি কাজী বিল্লাল থানায় গিয়ে উল্টো তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।আরেক ভুক্তভোগী মো. জুয়েল বলেন, লিবিয়া, ইরাক, সৌদি আরব ও কানাডায় পাঠানোর কথা বলে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল।এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগ করেও কাজী বিল্লালকে পাওয়া যায়নি।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, আসামি কাজী বিল্লাল পলাতক। তিনি বিদেশে আছেন।