২৩ দিনেও খোঁজ মেলেনি অপহূত শামীমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টন থেকে অপহূত ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কে এম শামীম আক্তারকে ২৩ দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।সাম্প্রতিক সময়ে রাজধানীতে গুপ্তহত্যার শিকার বিভিন্ন ব্যক্তিকে যেভাবে অপহরণ করা হয়েছিল, শামীমকেও একই কায়দায় তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এ কারণে শামীমও গুপ্তহত্যার শিকার হন কি না, এই শঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।শামীমের স্ত্রী ঝর্ণা খানম প্রথম আলোকে বলেন, ২৯ সেপ্টেম্বর সকালে পুরানা পল্টন লাইনের বাসার কাছে কেনাকাটা করতে বের হলে একদল লোক শামীমকে ধরে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ২৩ দিন পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শামীমের ব্যাপারে কোনো খোঁজ দিতে পারেনি। তাঁকে ফিরে পেতে তিনি পুলিশ, র‌্যাবসহ প্রশাসনের দ্বারে দ্বারে ধরনা দিয়েও কোনো ফল পাচ্ছেন না। তিনি বলেন, শামীমের চিন্তায় তাঁর বৃদ্ধা মা খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন।পরিবারের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্যরা শামীমকে ধরে নিয়ে গেছেন। ঘটনার দিনই এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি, কারা বা কী ধরনের গোষ্ঠী শামীমকে অপহরণ করেছে।গতকাল জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, শামীমকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।এক সন্তানের জনক শামীমের বাড়ি খুলনার ডুমুরিয়ায়। ঢাকায় বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আইন পেশায় ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন।